বাংলাদেশ

ছেলেকে খুনের দেড় মাসের মাথায় বাবাকে গুলি করে হত্যা

বাংলা টিভি ডেস্ক: খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহলে ছেলে জয় ঢালী হত্যার শোক কাটিয়ে ওঠার আগেই দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেল তার বাবা আক্তার ঢালীর (৬০)। ছেলেকে হত্যার প্রায় এক মাস ২০ দিনের মাথায় একই এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো বাবাকেও।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্জনীমহল গ্রামের শহীদের মোড়সংলগ্ন নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। একই পরিবারের বাবা-ছেলেকে অল্প সময়ের ব্যবধানে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির সামনে অবস্থান করছিলেন আক্তার ঢালী। হঠাৎ একদল সশস্ত্র ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে আক্তার ঢালীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তবে তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এর আগে গত ১৫ আগস্ট রাত সোয়া ৯টার দিকে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) দুর্জনীমহল শহীদের মোড়ের একটি চায়ের দোকানের সামনে হামলা চালিয়ে হত্যা করা হয়। হামলাকারীরা তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।

ওই ঘটনায় জয়ের মা নাসিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় হত্যা মামলা করেন। মামলার পর পুলিশ এজাহারভুক্ত প্রধান আসামিসহ কয়েকজনকে গ্রেফতার করেছিল।

ছেলে হত্যার মামলার পর এবার তার বাবাকেও প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। খবর পেয়ে রূপসা থানা পুলিশ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আক্তার ঢালীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা অথবা জয়ের হত্যা মামলাকে কেন্দ্র করে আক্তার ঢালীকে হত্যা করা হয়ে থাকতে পারে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button