বাংলাদেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন কুমিল্লার সাগর

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চান্দিনা উপজেলার মো. সাগর (২৫) রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছেন। গত শনিবার (১৭ অক্টোবর) রাশিয়ায় থাকা তাঁর এক বন্ধুর মাধ্যমে মৃত্যুর খবর পায় পরিবার। সাগরের মৃত্যুর খবরে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার বাসিন্দা কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিম্নবিত্ত পরিবারের সন্তান সাগর ছোটবেলা থেকেই পরিবারের আর্থিক সহায়তায় কাজ করতেন। কিশোর বয়সে উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে রিকশা-ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি।

পরিবারের আর্থিক অবস্থার উন্নতির আশায় ২০২৫ সালের মাঝামাঝি ওই দোকানের ম্যানেজারের সহযোগিতায় প্রায় ছয় লাখ টাকা খরচ করে রাশিয়ায় পাড়ি জমান সাগর। সেখানে একটি বেকারিতে কাজ শুরু করেন তিনি। পরে সেখানে এক বাংলাদেশি দালালের সঙ্গে তাঁর পরিচয় হয়।

স্বজনদের অভিযোগ, ওই দালাল রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে এককালীন ৩০ লাখ টাকা পাওয়ার প্রলোভন দেখান সাগরকে। সেই প্রস্তাবে রাজি হয়ে চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দেন তিনি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

যুদ্ধে যাওয়ার পর থেকে পরিবারের সঙ্গে সাগরের যোগাযোগ বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন তাঁর কোনো খোঁজ না পেয়ে উদ্বেগে ছিলেন স্বজনেরা। অবশেষে গত শনিবার রাশিয়ায় থাকা সাগরের এক বন্ধু তাঁর বোনকে ফোন করে মৃত্যুর খবর জানান।

সাগরের স্বজনেরা জানান, রাশিয়ার বেকারির চাকরি ছেড়ে সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা তাঁদের জানালে তাঁরা তাঁকে নিষেধ করেছিলেন। তাঁদের দাবি, দালালের ভুল তথ্য ও প্রলোভনের কারণে সাগর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়েন।

পরিবারের সদস্যরা বলেন, সাগরকে তাঁরা বিদেশে পাঠিয়েছিলেন পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায়। কিন্তু তাঁর এমন মর্মান্তিক পরিণতি তাঁদের শোকস্তব্ধ করে দিয়েছে।

সাগরের মৃত্যুর সুনির্দিষ্ট পরিস্থিতি এবং তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button