ফ্যামিলি কার্ডের নাম ভাঙিয়ে বিধবার সোনার দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ভোলা প্রতিনিধি (ডিজিটাল): ভোলার দৌলতখানে ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মরিয়ম বেগম (৫৫) নামে এক বিধবা নারীর কানের সোনার দুল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দৌলতখান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাজি বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী মরিয়ম বেগম ওই ওয়ার্ডের মৃত নাছির সাজির স্ত্রী।
মরিয়ম বেগমের অভিযোগ, সোমবার দুপুর ১টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি তাঁর বাড়িতে আসেন। তাঁরা সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে তাঁর ছবি তুলতে চান। একপর্যায়ে ছবি তোলার কথা বলে তাঁকে কানের সোনার দুল খুলতে বলেন।
পরে দুলটি দেখতে চাওয়ার একপর্যায়ে সেটি নিয়ে দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যান ওই দুই ব্যক্তি। এভাবে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেন মরিয়ম বেগম।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সরকারি সুবিধা পাওয়ার আশায় কেউ যাতে এ ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও বলছেন স্থানীয়রা।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



