দেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়ালো ১২০০

বাংলা টিভি ডেস্ক: দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ১ হাজার ২০১ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৪২ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৮৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৯২ জন, সিলেটে ১৩৬ জন, বরিশালে ১২৩ জন, খুলনায় ৭৩ জন, ময়মনসিংহে ৬৯ জন, রাজশাহীতে ৪০ জন এবং রংপুরে ২২ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৯০ হাজার ৬৬৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৮৩ হাজার ৪২ জন।
অন্যদিকে, একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৫৫১ জনে। তাঁদের মধ্যে পরীক্ষায় ২৩ হাজার ১৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এসব পরিসংখ্যানে দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। প্রতিদিন নতুন রোগী হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণে রাখার গুরুত্ব আরও বেড়েছে।



