বাংলাদেশ

স্ত্রীকে কোলে নিয়ে খাবারের আকুতি, সেই নূরজাহান আর নেই

বাংলা টিভি ডেস্ক: শেরপুরের আলোচিত বৃদ্ধ সাজু শেখের (৮০) স্ত্রী নূরজাহান বেগম মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থতায় শয্যাশায়ী থাকার পর রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। পরে বিকেল ৫টার দিকে বাড়ির আঙিনায় তাঁকে দাফন করা হয়।

নূরজাহান বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস মিয়া। তিনি জানান, নূরজাহান তাঁর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে বিছানায় পড়ে ছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ার পর থেকেই শয্যাশায়ী ছিলেন নূরজাহান বেগম। আর্থিক সংকটের কারণে তাঁর প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করাও পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছিল। দীর্ঘ ৬৫ বছরের দাম্পত্য জীবনে নানা অভাব-অনটন ও অসুস্থতার মধ্যেও একসঙ্গে দিন কাটিয়েছেন সাজু শেখ ও তাঁর স্ত্রী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে অসুস্থ স্ত্রীকে কোলে নিয়ে খাবারের জন্য আকুতি জানাতে দেখা যায় বৃদ্ধ সাজু শেখকে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তাঁদের অসহায় জীবনযাপনের বিষয়টি দেশজুড়ে আলোচনায় আসে।

পরে বিভিন্ন গণমাধ্যমে তাঁদের দুরবস্থার খবর প্রকাশিত হলে ব্যক্তি, সামাজিক সংগঠন ও প্রশাসনের পক্ষ থেকে দম্পতির খোঁজখবর নেওয়া হয়। তাঁদের সহায়তায় এগিয়ে আসারও উদ্যোগ নেওয়া হয়।

দীর্ঘদিনের জীবনসঙ্গীকে হারিয়ে সাজু শেখের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অভাব, অসুস্থতা ও প্রতিকূলতার মধ্যেও ছয় দশকের বেশি সময় একসঙ্গে কাটানো এই দম্পতির জীবনসংগ্রাম সম্প্রতি অনেক মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button