বাংলাদেশ

খেলা দেখিয়ে কেটেছে ৩০ বছর, সেই সাপেই প্রাণ নিলো ওঝার

বাংলা টিভি ডেস্ক: দিনাজপুরের নবাবগঞ্জে নিজ বাড়িতে রাখা বিষধর সাপের কামড়ে লোগেন হাসদা (৫৫) নামে এক প্রবীণ সাপুড়ের মৃত্যু হয়েছে। এলাকায় তিনি ‘পাগল ওঝা’ নামে পরিচিত ছিলেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার চালনিপাড়া গ্রামে সাপ খেলা দেখানোর প্রস্তুতিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লোগেন হাসদা নবাবগঞ্জ উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের চালনিপাড়া গ্রামের মৃত শংকর হাসদার ছেলে। প্রায় ৩০ বছর ধরে তিনি নবাবগঞ্জ ও আশপাশের বিভিন্ন এলাকায় সাপ খেলা দেখানো এবং ওঝার কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার সকাল ১০টার দিকে সাপ খেলা দেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন লোগেন। এ সময় বাড়িতে রাখা বাক্স থেকে সাপ বের করতে গেলে একটি বিষধর সাপ তাঁর হাতে কামড় দেয়।

ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের পর তাঁর মৃত্যু হয়।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছান সালাউদ্দিন মাসুম সাপের কামড়ে লোগেন হাসদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে সাপ খেলা দেখানো ও ওঝার কাজের সঙ্গে যুক্ত এই প্রবীণের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button