বাংলাদেশ

ছাত্রীকে শাসন করায় শিক্ষকের ওপর হামলা, ছাত্র গ্রেপ্তার

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রেণিকক্ষের প্রথম বেঞ্চে বসাকে কেন্দ্র করে দুই ছাত্রীর বিরোধের জেরে এক শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় সিয়াম আহমেদ নামে এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) উপজেলার কাঞ্চন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে একই দিন কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাওছার আহমেদের (৩৫) ওপর হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক। মামলায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর শ্রেণিকক্ষের প্রথম বেঞ্চে বসাকে কেন্দ্র করে বিদ্যালয়ের দুই ছাত্রীর মধ্যে বাগ্‌বিতণ্ডা ও মারামারির ঘটনা ঘটে। এ সময় এক ছাত্রীকে শাসন করেন শিক্ষক কাওছার আহমেদ।

পরবর্তী সময়ে গত রোববার (১৮ অক্টোবর) কাঞ্চন বাজারে গেলে ওই ছাত্রীর পক্ষ নিয়ে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষার্থী শিক্ষককে শাসান। এ নিয়ে তাঁদের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে শিক্ষকের ওপর হামলা চালানো হয়।

হামলাকারীরা কাওছার আহমেদের মাথা, পিঠ, ঘাড়, হাত ও পায়ে আঘাত করে তাঁকে রক্তাক্ত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ইউএস-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, শিক্ষকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এজাহারভুক্ত আসামি সিয়াম আহমেদকে গ্রেফতারের পর নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button