আন্তর্জাতিক

ইরান থেকে কোনো ইউরেনিয়াম বের হবে না: মহসিন রেজাই

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার উদ্যোগ নিয়ে ইরান সফরে থাকা পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনীরকে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানো হবে না। একই সঙ্গে ইরানের শর্ত পূরণ এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আস্থার প্রমাণ না পাওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করারও কোনো সুযোগ নেই।

দৈনিক হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিকে সঙ্গে নিয়ে ইরান সফর করছেন সেনাপ্রধান অসীম মুনীর। গত জুনের পর এটি তার পঞ্চম ইরান সফর। মঙ্গলবার তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে ইরানি নেতারা যুক্তরাষ্ট্রের প্রতি নিজেদের গভীর অনাস্থার কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, গত জুনে হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ওয়াশিংটন। এ পরিস্থিতিতে ইরানের নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয় তেহরান।

ইরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে সমুদ্রবন্দর ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ প্রত্যাহার, তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সব রণাঙ্গনে শত্রুতা বন্ধ করা। অন্যদিকে, ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করার দাবি জানিয়ে আসছে। সংঘাত আরও তীব্র হলে শক্তিশালী অ-পারমাণবিক বোমা ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের বিষয়টিও আলোচনায় এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রায় আট মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত বন্ধে গত জুনে যুদ্ধবিরতির একটি কাঠামো তৈরি হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য দূর না হওয়ায় সেই উদ্যোগ সফল হয়নি।

এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়া ঠেকাতে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তেহরানের কঠোর অবস্থান এবং ওয়াশিংটনের পারমাণবিক কর্মসূচি নিয়ে অনড় দাবির কারণে দুই দেশের মধ্যে নতুন করে শান্তি আলোচনা শুরু হওয়া এখনো অনিশ্চিত।

সংশ্লিষ্ট খবর

Back to top button