বাথরুমে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার উত্তরপাড়ায় একটি নার্সিংহোমে নবজাতককে ঘিরে মর্মান্তিক ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ১৬ বছর বয়সী এক কিশোরী নার্সিংহোমের বাথরুমে কন্যাসন্তান প্রসবের পর শিশুটিকে জানালা দিয়ে নিচে ফেলে দেয়। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নবজাতককে উদ্ধার করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শনিবার (৭ নভেম্বর) ঘটে যাওয়া এ ঘটনাকে কেন্দ্র করে উত্তরপাড়া এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে পেটে তীব্র ব্যথা অনুভব করায় পরিবারের সদস্যরা ওই কিশোরীকে উত্তরপাড়া পৌরসভা পরিচালিত নার্সিংহোমে ভর্তি করেন। পরদিন সকালে ব্যথা বেড়ে গেলে সে একাই বাথরুমে যায়। সেখানে কারও সহায়তা ছাড়াই একটি কন্যাসন্তানের জন্ম দেয় বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, সন্তান প্রসবের পরপরই কিশোরী নবজাতককে বাথরুমের জানালা দিয়ে নিচে ফেলে দেয়।
কিছুক্ষণ পর রাস্তা দিয়ে যাওয়া এক পথচারী নিচে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে হাসপাতালের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। নার্সরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
নার্সিংহোম কর্তৃপক্ষের ভাষ্য, কিশোরীকে ভর্তি করার সময় তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করা হয়েছিল। তবে তাঁরা বিষয়টি অস্বীকার করেন।
অন্যদিকে, কিশোরীর মায়ের দাবি, তাঁর মেয়ে গর্ভবতী ছিল—এ বিষয়ে পরিবারের কেউ কিছু জানতেন না। পেটের সাধারণ ব্যথা মনে করেই তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
ঘটনার পর উত্তরপাড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পরিবারের দেওয়া বক্তব্যের সত্যতা যাচাইয়ের পাশাপাশি নার্সিংহোমের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। মৃত নবজাতকের ময়নাতদন্তের ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই নার্সিংহোমে এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। এমনকি হাসপাতাল প্রাঙ্গণ থেকে আগে ভ্রূণ উদ্ধারের ঘটনাও ঘটেছিল বলে দাবি তাঁদের।
সূত্র: এনডিটিভি



