নাটোরে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, লজ্জায় বিষপানে গৃহবধূর মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: নাটোরের সিংড়ায় শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর বিষপান করা এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (৮ নভেম্বর) সকালে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ২৫ বছর বয়সী ওই নারী।
নিহত খাদিজা সিংড়া উপজেলার চকসিংড়া মহল্লার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নিজ বাড়িতে শ্বশুর আসলাম সিকদারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন খাদিজা। এ ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে তিনি বিষপান করেন বলে জানা গেছে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
প্রাথমিকভাবে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
অভিযুক্ত আসলাম সিকদার একই এলাকার মৃত শুকুর আলীর ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। তবে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



