বাংলাদেশ

নিজের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে সড়কের জন্য জায়গা ছাড়লেন এমপি শাওন

বাংলা টিভি ডেস্ক: কুমিল্লার চান্দিনা পৌরসভার দুটি গুরুত্বপূর্ণ সড়কের সম্প্রসারণ ও নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ কাজ বাস্তবায়নে নিজের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে সড়কের জন্য জায়গা ছেড়ে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মো. আতিকুল আলম শাওন।

রোববার (৮ নভেম্বর) বিকেলে সড়ক দুটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। সড়ক দুটি হলো চান্দিনা ডাকঘর থেকে শ্রীমন্তপুর ব্রিজ পর্যন্ত এবং হাজী সাহেবের মোড় থেকে কাঠেরপুল পর্যন্ত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চান্দিনা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরইউটিডিপি প্রকল্পের আওতায় সড়ক দুটির নির্মাণ ও সম্প্রসারণ করা হবে। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার টাকা।

এদিকে সড়ক সম্প্রসারণের স্বার্থে নিজের বাড়ির নিরাপত্তাপ্রাচীর অপসারণে নিজেই উদ্যোগী হন সংসদ সদস্য আতিকুল আলম শাওন। তাঁর উপস্থিতিতে এক্সকাভেটর (ভেকু) দিয়ে সীমানাপ্রাচীর ভাঙার কাজ শুরু হয়।

এ বিষয়ে সংসদ সদস্য জানান, সম্প্রসারিত সড়কটি হবে ১৮ ফুট প্রশস্ত। এর সঙ্গে ৪ ফুট প্রশস্ত বক্স ড্রেন নির্মাণ করা হবে। সব মিলিয়ে সড়কটির মোট প্রশস্ততা দাঁড়াবে ২২ ফুট।

সড়কের পাশে যাঁদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে, তাঁদেরও উন্নয়নকাজে সহযোগিতার আহ্বান জানান তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চান্দিনা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাজ্জাদ হাছান, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সহিদুজ্জামান সরকারসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button