রাজনীতি

‘এখন আছে হিন্দুস্থান, ফিরলে পরে গোরস্থান’

বাংলা টিভি ডেস্ক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডাবল ডেকার বাসে পেট্রোল বোমা নিক্ষেপ এবং দেশব্যাপী নিষিদ্ধ ছাত্রলীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ছাত্রশিবির। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে এসব কর্মসূচি পালন করে সংগঠন দুটি।

দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে শাখা ছাত্রদল। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঝাল চত্বরে গিয়ে শেষ হয়।

অন্যদিকে, দুপুর সাড়ে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল বের করে শাখা ছাত্রশিবির। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের একটি ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।

বাসচালক ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঝিনাইদহ থেকে ক্যাম্পাসে ফেরার পথে চানপুর বাজার অতিক্রম করে ড্রাগন বাগান এলাকায় পৌঁছালে যানজটের কারণে বাসটির গতি কমে যায়। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাসটির সামনে এসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বাসে আগুন দেখতে পেয়ে চালক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এবং নিরাপদে ক্যাম্পাসে পৌঁছান।

এ ছাড়া মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পকেট গেটের বাইরে থেকে একটি হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডির তৎপরতায় বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। এসব ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিক্ষোভ মিছিলে দুই সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি, সহিংসতা ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানান তারা।

ছাত্রদলের কর্মসূচিতে সংগঠনটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য সচিব রাফিজ আহমেদসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

অন্যদিকে ছাত্রশিবিরের কর্মসূচিতে শাখা সেক্রেটারি রাশিদুল ইসলাম রাফি, কুষ্টিয়া জেলা সভাপতি ইমরান বিশ্বাসসহ তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিক্ষোভ শেষে ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, শিক্ষার্থীদের বহনকারী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দেশব্যাপী অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। ক্যাম্পাসে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই ছাত্রদলের অঙ্গীকার।

সমাবেশে ছাত্রশিবিরের শাখা সেক্রেটারি রাশিদুল ইসলাম রাফি বলেন, শিক্ষার্থীদের বহনকারী বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য বড় হুমকি। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ক্যাম্পাসে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নিরাপত্তা বিভাগের তৎপরতায় বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রয়েছে। নিয়মিতভাবে ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং স্বাভাবিক শিক্ষার পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button