খেলাধুলা

ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ফুটবলার নিহত

স্পোর্টস ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ২০ বছর বয়সী উদীয়মান ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক। মঙ্গলবার স্থানীয় সময় গাজা সিটির দক্ষিণাঞ্চলের সাবরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।

আবদেল-মালেক গাজা স্পোর্টস ক্লাবের অধিনায়ক ও গোলরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছে ক্লাব কর্তৃপক্ষ। শোকবার্তায় তাঁকে ক্লাবের কিংবদন্তি ও মূল দলের গুরুত্বপূর্ণ গোলরক্ষক হিসেবে স্মরণ করা হয়।

পিএফএর পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৭ জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি।

সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, মৃত্যুর মাত্র পাঁচ দিন আগেও একটি স্মারক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশ নিয়েছিলেন আবদেল-মালেক। গাজায় নিহত এক হাজারের বেশি ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তার স্মরণে আয়োজিত ‘থাউজ্যান্ড মার্টার্স কাপ’-এর গাজা ও উত্তর গাজা বিভাগের ফাইনালে খেলেছিলেন তিনি। ওই ম্যাচে তাঁর দল গাজা স্পোর্টস ক্লাব রানার্সআপ হয়।

অধিকৃত পশ্চিম তীরের ১৪৬টি, গাজার ৪৪টি এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থীশিবিরের ৩৬টিসহ দুই শতাধিক ক্লাবকে নিয়ে তিনটি অঞ্চলে একযোগে শুরু হয়েছিল এই স্মারক প্রতিযোগিতা।

এর আগে গত শুক্রবার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারায় ১৫ বছর বয়সী কিশোর মোহাম্মদ নিদাল বারবাক।

এদিকে ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তফা সিয়াম জানিয়েছেন, ইসরায়েলি হামলায় গাজার ক্রীড়াঙ্গনের অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, গাজার ৫৬টি ক্রীড়া ক্লাবের মধ্যে ৫০টিরও বেশি ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সহায়তায় নির্মিত প্রায় ২০টি পাঁচ-এ-সাইড ফুটবল মাঠও ক্ষতিগ্রস্ত হয়েছে।

একদিকে ক্রীড়াঙ্গনের অবকাঠামো ধ্বংস, অন্যদিকে খেলোয়াড়দের প্রাণহানি—সব মিলিয়ে গাজার ফুটবল অঙ্গন গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button