মুলারের প্রতিবেদন প্রকাশের পর কমেছে ট্রাম্পের সমর্থন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের ওপর একটি বিশেষ প্রতিবেদন প্রকাশের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী আমেরিকানদের সংখ্যা ৩ শতাংশ কমেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স’র একটি জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।
শুক্রবার সকাল পর্যন্ত চালানো এ জরিপ অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৩৭ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ট্রাম্প প্রশাসনকে সমর্থন করছে, যা আগের জরিপে ৪০ শতাংশ ছিল।
এফবিআই পরিচালক রবার্ট মুলারের ৪৪৮ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশের পর জনসাধারণের প্রতিক্রিয়া যাচাইয়ের এটিই প্রথম জাতীয় জরিপ। প্রতিবেদনে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ চেষ্টার প্রমাণ পাওয়া গেলেও তাদের সঙ্গে ট্রাম্প শিবিরের আঁতাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তবে, ট্রাম্প এই তদন্তে নানাভাবে বাধা দেয়ার চেষ্টা করেছিলেন বলে উল্লেখ আছে। এদিকে, জনসম্মুখে প্রকাশের আগে ট্রাম্পের আইনজীবীরা প্রতিবেদনটি পরীক্ষা করেছেন বলেও বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে।
বাংলাটিভি/রাজু



