আন্তর্জাতিকইউরোপ

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৪ লাখ ৫০ হাজার সেনা নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়ার অন্তত ৪ লাখ ৫০ হাজার নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতদের বড় অংশই দেশটির সেনাবাহিনীর সদস্য। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া বিভিন্ন নথি পর্যালোচনা করে এমন তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস (এফটি)। গত আগস্ট পর্যন্ত সময়ের হিসাবের ভিত্তিতে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের তালিকায় চার হাজারেরও বেশি বিদেশি নাগরিক রয়েছেন। এদের মধ্যে উজবেকিস্তান, তাজিকিস্তান, নেপাল, কলম্বিয়া ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তারা রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

গত ১ নভেম্বর বেলারুশভিত্তিক হ্যাকার সংগঠন সাইবার পার্টিজানস এবং ইউক্রেনের সাইলেন্ট ক্রো রসস্ট্যাটের নেটওয়ার্কে অনুপ্রবেশের দাবি করে কিছু নথি প্রকাশ করে। পরবর্তী সময়ে এসব তথ্য কয়েকটি সংবাদমাধ্যমের হাতে পৌঁছায়।

তবে সাইবার হামলার বিষয়টি স্বীকার করলেও তথ্য চুরির অভিযোগ নাকচ করেছে রসস্ট্যাট। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে তাদের নেটওয়ার্কে হামলা চালানো হয়েছিল। কিন্তু নিরাপদ তথ্যভান্ডার থেকে কোনো তথ্য চুরি কিংবা ফাঁস হওয়ার প্রমাণ তারা পায়নি।

ফিন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, মৃত্যুর ঘটনা সরকারি নথিতে অন্তর্ভুক্ত হতে অনেক সময় কয়েক মাস, এমনকি কয়েক বছরও লেগে যায়। বিলম্বে নিবন্ধিত মৃত্যুর হিসাব যুক্ত করা হলে গত আগস্ট পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৫ লাখ ৫০ হাজারে দাঁড়াতে পারে।

ফাঁস হওয়া নথিতে প্রায় ৪ লাখ ১০ হাজার মৃত্যুর ঘটনা সরাসরি যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি যুদ্ধে অংশ নেওয়ার বয়সী আরও ৪২ হাজার পুরুষের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মরদেহ উদ্ধার না হলেও আদালতের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া সম্মুখযুদ্ধের এলাকা কিংবা আশপাশে নিহত আরও প্রায় ১২ হাজার ব্যক্তির তথ্য অনুসন্ধানে উঠে এসেছে। সব তথ্য বিবেচনায় রাশিয়ার নিহত নাগরিকের সংখ্যা অন্তত ৪ লাখ ৫০ হাজার বলে ধারণা করছে সংবাদমাধ্যমটি।

প্রতিবেদন অনুযায়ী, আভদিভকা ও পোকরভস্ককে কেন্দ্র করে সংঘটিত যুদ্ধে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। এই দুই অঞ্চলে প্রায় ১ লাখ ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে বাখমুতের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন আরও প্রায় ৪৮ হাজার সেনা।

২০২৪ সালে আভদিভকা দখলের পর দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ কয়লাখনিসমৃদ্ধ শহর পোকরভস্কের দিকে অগ্রসর হয় রুশ বাহিনী। দীর্ঘ সংঘাতের পর ২০২৬ সালের শুরুতে শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে আসে। এর আগে ২০২৩ সালের মে মাসে রুশ সেনা ও ভাড়াটে যোদ্ধাগোষ্ঠী ওয়াগনারের অভিযানে বাখমুতের পতন ঘটে।

যুদ্ধে নিহত রুশ সেনাদের বয়সের ক্ষেত্রেও পরিবর্তন দেখা গেছে। যুদ্ধের প্রথম বছরে নিহত সেনাদের গড় বয়স ছিল ৩৪ বছর। ২০২৫ সালে তা বেড়ে ৪০ বছরে পৌঁছায়। নিহতদের মধ্যে ৩৫ থেকে ৪৪ বছর বয়সী পুরুষের সংখ্যা সবচেয়ে বেশি। এই বয়সসীমার প্রায় ১ লাখ ৫৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

রাশিয়ার দরিদ্র এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর বসবাস বেশি—এমন অঞ্চলগুলোতে হতাহতের হার তুলনামূলক বেশি বলে উঠে এসেছে ফিন্যান্সিয়াল টাইমসের বিশ্লেষণে। সাইবেরিয়ার বুরিয়াত জনগোষ্ঠীর বসবাস বেশি এমন জাবাইকালস্কি অঞ্চলে প্রায় ১২ হাজার ৩০০ জন নিহত হয়েছেন। অঞ্চলটির হিসাবে প্রতি ৮০ জনের মধ্যে একজনের মৃত্যুর সমান এই সংখ্যা।

এ ছাড়া বাশকোর্তোস্তান অঞ্চলে প্রাণ হারিয়েছেন প্রায় ১৫ হাজার ৮০০ জন। এই অঞ্চলে বাশকির ও ভলগা তাতারসহ বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে।

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিতে গিয়ে বিদেশি নাগরিকত্বধারী অন্তত ৪ হাজার ১৪১ জনের মৃত্যু হয়েছে বলে হিসাব দিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। তবে রাশিয়ার বাইরে জন্ম নেওয়া ব্যক্তিদেরও হিসাবের মধ্যে রাখলে নিহতের সংখ্যা আরও বেশি। ব্লুমবার্গের হিসাবে এই সংখ্যা ১১ হাজার ৩৩৫।

বিদেশি নিহতদের তালিকায় উজবেকিস্তানের ৮০৭ জন এবং তাজিকিস্তানের ৫৯৮ জন নাগরিক রয়েছেন। এ ছাড়া ৪৪ জন নেপালি, ৯৮ জন কলম্বীয় এবং আফ্রিকার বিভিন্ন দেশের প্রায় ৩৪০ জন নাগরিক প্রাণ হারিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

বিদেশি নাগরিকদের রুশ বাহিনীতে যোগ দেওয়ার পেছনে আর্থিক প্রলোভন বড় ভূমিকা রাখছে বলে অভিযোগ রয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গত সেপ্টেম্বরের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিল, কলম্বিয়া, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার অনেক নাগরিককে রাশিয়ায় আকর্ষণীয় বেতনের বেসামরিক চাকরির প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছে সংস্থাটি।

মানবাধিকার সংস্থাটির দাবি, অনলাইন চাকরির বিজ্ঞাপন এবং স্থানীয় নিয়োগকারী এজেন্টদের মাধ্যমে বিদেশিদের রাশিয়ায় নিয়ে যুদ্ধে সম্পৃক্ত করা হচ্ছে। অন্যদিকে কেনিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, দেশটির এক হাজারের বেশি নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মাসিক প্রায় ২ হাজার ৭১৫ ডলার বেতন এবং সর্বোচ্চ ৯ হাজার ৩০৯ ডলার পর্যন্ত বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

তবে বিদেশি নাগরিকদের ইউক্রেন যুদ্ধে অংশ নিতে বাধ্য করার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। মস্কোর দাবি, দেশটির হয়ে যুদ্ধে অংশগ্রহণের ক্ষেত্রে কাউকে জোর করা হচ্ছে না।

সংশ্লিষ্ট খবর

Back to top button