আন্তর্জাতিকইন্ডিয়া

পরিবারের সাত জনকে হত্যার পর বাবা বললেন, ‘আমি এখন শান্তিতে আছি’

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বেঙ্গালুরুতে একই পরিবারের সাতজনকে হত্যার ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পাচ্ছে। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ৫২ বছর বয়সী ক্যাবচালক ইন্দুশেখর জানিয়েছেন, স্ত্রীসহ শ্বশুরবাড়ির ছয় সদস্যকে হত্যার পর তিনি মানসিকভাবে বেশ শান্তিতে ও সন্তুষ্টিতে রয়েছেন। এমনকি ভয়াবহ এই হত্যাকাণ্ডের জন্য তার মধ্যে কোনো অনুশোচনাও নেই বলে জানিয়েছে তদন্তকারী পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, স্ত্রীর কাছ থেকে অপমানিত হওয়া এবং শ্বশুরবাড়ির সদস্যদের অবহেলার প্রতিশোধ নিতেই হত্যার পরিকল্পনা করেছিলেন ইন্দুশেখর। তবে তদন্তকারীরা মনে করছেন, বেঙ্গালুরুর শ্রীরামপুরা এলাকার প্রায় ৩ কোটি রুপি মূল্যের সম্পত্তি নিয়ে বিরোধও এই হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কারণ।

তদন্তে আরও উঠে এসেছে, বাবার হত্যার পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই অবগত ছিলেন অভিযুক্তের মেয়ে। শুধু জানতেনই না, মায়ের অংশের সম্পত্তি নিজের নামে লিখে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে বাবাকে অপরাধ সংঘটনে সহযোগিতাও করেছিলেন তিনি। হত্যাকাণ্ডের পর বাড়ির মেঝেতে ছড়িয়ে থাকা রক্তের দাগ রাসায়নিক পদার্থ দিয়ে পরিষ্কার করেন ওই তরুণী। পাশাপাশি মরদেহগুলো প্যাকেটজাত করে বিভিন্ন স্থানে ফেলে আসার কাজেও বাবার সঙ্গে ছিলেন তিনি।

পুলিশের তথ্য অনুযায়ী, শ্রীরামপুরা এলাকার প্রায় ৩ কোটি রুপির সম্পত্তির বড় অংশ নিজের নামে পাওয়ার দাবি জানিয়েছিলেন ইন্দুশেখর। কিন্তু শাশুড়ি রূপাবতী তার দুই ছেলের ভবিষ্যতের কথা বিবেচনা করে কেবল আইন অনুযায়ী প্রাপ্য অংশ দিতে চেয়েছিলেন। এ নিয়ে পরিবারের মধ্যে বিরোধ ক্রমেই বাড়তে থাকে।

তদন্তে উঠে আসা সবচেয়ে ভয়ংকর তথ্যগুলোর একটি হলো, পরিবারের সদস্যদের হত্যার পর সম্পত্তির মালিকানা নিজেদের নিয়ন্ত্রণে নিতে মৃত ব্যক্তিদের আঙুলের ছাপ ও টিপসই স্ট্যাম্প পেপারে সংগ্রহ করে রেখেছিলেন ইন্দুশেখর।

গত ১৬ থেকে ৩১ অক্টোবরের মধ্যে পরিকল্পিতভাবে সংঘটিত এই হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছেন ইন্দুশেখরের স্ত্রী সুনীতা, শাশুড়ি রূপাবতী, দুই শ্যালক শিবকুমার ও শংকর, তাদের স্ত্রী নলিনী ও দিব্যা এবং পরিবারের সাত বছর বয়সী শিশু পুনীত।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৬ অক্টোবর শিলনোড়া দিয়ে আঘাত করে স্ত্রী সুনীতাকে হত্যার মাধ্যমে এই হত্যাকাণ্ডের সূচনা করেন ইন্দুশেখর। পরে তার মরদেহ নন্দী হিলসের কাছাকাছি একটি স্থানে ফেলে আসেন। এরপর পরবর্তী দুই সপ্তাহে বিভিন্ন কৌশলে পরিবারের অন্য সদস্যদের বাড়িতে ডেকে এনে হত্যা করা হয়।

কখনো মদ্যপানের আসরের আয়োজনের কথা বলে, আবার কখনো পরিবারের অন্য সদস্যরা বেড়াতে গেছেন—এমন মিথ্যা তথ্য দিয়ে ভুক্তভোগীদের বাড়িতে আনা হতো। এরপর তাদের হত্যা করে মরদেহ বিভিন্ন স্থানে সরিয়ে ফেলা হয় বলে তদন্তে জানা গেছে।

ইন্দুশেখর ও তার মেয়ের ধারণা ছিল, বিভিন্ন স্থানে মরদেহ ফেলে রাখার কারণে তাদের অপরাধের বিষয়টি কখনো প্রকাশ পাবে না। শুরুতে সাতজনকে হত্যার কথা স্বীকার করলেও অভিযুক্তের বক্তব্য নিয়ে সন্দেহ ছিল পুলিশের। পরবর্তী সময়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডের বিস্তৃতি ও পরিকল্পনার বিষয়টি স্পষ্ট হয়।

ঘটনার বিস্তারিত তথ্য এবং হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনা সামনে আসার পর তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারাও বিস্মিত হয়েছেন বলে জানা গেছে।

তথ্যসূত্র: গালফ নিউজ

সংশ্লিষ্ট খবর

Back to top button