বাংলাদেশ

স্বামী-সন্তানের মৃত্যুর ২৪ দিন পর মারা গেলেন রেশমীও

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামী ও দেড় বছর বয়সী মেয়েকে হারানোর ২৪ দিন পর মারা গেছেন রেশমী আক্তার। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর টানা ২৪ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টা ৩০ মিনিটে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রেশমী।

জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে স্বামী মো. দেলোয়ার (৩১), দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাত এবং অন্যান্য স্বজনদের সঙ্গে অটোরিকশায় করে কেরানীহাটের একটি মেলায় যাচ্ছিলেন রেশমী। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ এলাকায় অটোরিকশাটির সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

ভয়াবহ এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান রেশমীর স্বামী দেলোয়ার। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যায় তাদের দেড় বছর বয়সী মেয়ে ওয়াসিফা জান্নাত। দুর্ঘটনায় গুরুতর আহত রেশমীকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে দীর্ঘ ২৪ দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবচার রেশমীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button