বাংলাদেশ

ভাড়া নিয়ে তর্কে চলন্ত বাস থেকে ধাক্কা, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে চালক ও হেলপারের বিরুদ্ধে। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিয়ারগলা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের কানু মিয়ার ছেলে মুকুল (৩০) এবং একই গ্রামের লোকমান হোসেনের ছেলে শাকিল (২৮)। তারা দুজনই কুমিল্লার একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।

নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহণের একটি বাসে করে বাড়ির উদ্দেশে রওনা হন ওই গ্রামের কয়েকজন যাত্রী। পথে রংপুরের পাগলাপীর এলাকায় পৌঁছালে বাসের কন্ডাক্টর ও হেলপারের সঙ্গে যাত্রীদের ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

পরে বাসটি তারাগঞ্জ এলাকায় পৌঁছালে বিরোধ আরও বাড়ে। একপর্যায়ে কন্ডাক্টর ও হেলপার মিলে মুকুল, শাকিল এবং আতিকুল ইসলামকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মুকুল ও শাকিলের মৃত্যু হয়। গুরুতর আহত হন আতিকুল ইসলাম।

ঘটনার পর স্থানীয়রা মোবাইল ফোনে খিয়ারজুম্মা বাজার এলাকায় যোগাযোগ করে বাসটি আটকে দেওয়ার অনুরোধ জানান। পরে বাজার এলাকার লোকজন বাসটির গতিরোধ করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুকুল ও শাকিলকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুই যাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত স্বজনদের অবরোধ অব্যাহত ছিল।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান দুই যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বাসটি আটক করা হয়েছে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button