দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সুনামগঞ্জ প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জাহাঙ্গীর আলমের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন— জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক ও সামছুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা বিনষ্টের চক্রান্ত করছে। যেকোনো মূল্যে এই অপচেষ্টা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীসহ দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।



