ক্রিকেট থেকে অবসর, আইপিএলের নতুন দায়িত্বে ধোনি

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ ১৯ বছরের বর্ণাঢ্য আইপিএল ক্যারিয়ারের সমাপ্তি টানলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে তার সম্পর্ক থাকছে আগের মতোই। ক্রিকেটার হিসেবে বিদায় নিলেও ২০২৭ সালের আইপিএল মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষও ধোনির নতুন দায়িত্বের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। আগামী ১৬ ডিসেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আইপিএল নিলামের আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা জমা দেওয়ার নির্ধারিত সময় শেষ হওয়ার মাত্র তিন ঘণ্টা আগে এ ঘোষণা আসে।
ধোনিকে নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন। এক বিবৃতিতে তিনি বলেন, ধোনিকে ছাড়া চেন্নাই সুপার কিংসের অস্তিত্ব কল্পনা করা কঠিন। প্রায় দুই দশক ধরে সাফল্য, ব্যর্থতা এবং নানা প্রতিকূলতায় তারা একসঙ্গে পথ চলেছেন। পারস্পরিক বিশ্বাস ও আস্থাই তাদের সম্পর্ককে এতটা শক্তিশালী করেছে বলে উল্লেখ করেন তিনি।
২০০৮ সালের প্রথম আইপিএল নিলামে ধোনিকে দলে নেওয়ার সিদ্ধান্তের স্মৃতিচারণ করে শ্রীনিবাসন বলেন, শুরু থেকেই তিনি চেয়েছিলেন ধোনি যেন চেন্নাইয়ের অংশ হন। তার মতে, এটি ছিল জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত। শুধু মাঠের সাফল্যের জন্য নয়, ব্যক্তি ধোনির গুণাবলির কারণেও তিনি বিশেষভাবে সম্মানিত। ধোনি সবসময় চেন্নাই সুপার কিংসের পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবেন বলেও জানান তিনি।
কোচিং স্টাফেও বড় পরিবর্তন
গত তিন মৌসুমে প্লে-অফে জায়গা করে নিতে না পারায় ২০২৭ আইপিএল সামনে রেখে কোচিং প্যানেলে বেশ কিছু পরিবর্তন এনেছে চেন্নাই সুপার কিংস। নতুন ব্যবস্থায় প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন জহির খান। তার সঙ্গে মেন্টর হিসেবে কাজ করবেন ধোনি।
এ ছাড়া সহকারী কোচ হিসেবে থাকছেন অ্যালবি মরকেল, গ্যারেথ ব্যাটি ও শ্রীধরন শ্রীরাম। বোলিং কোচের দায়িত্ব পালন করবেন মোহিত শর্মা এবং ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন জেমস ফস্টার।
চেন্নাইকে পাঁচবার শিরোপা জিতিয়েছেন ধোনি
২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী আসরের নিলাম থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে পথচলা শুরু হয় ধোনির। এরপর দলটির ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
ধোনির নেতৃত্বে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে মোট পাঁচবার আইপিএল শিরোপা জেতে চেন্নাই। পাশাপাশি ২০১০ ও ২০১৪ সালে দুটি চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি শিরোপাও জয় করে দলটি।
আইপিএলের ইতিহাসে টানা দুই মৌসুম শিরোপা জয়ের পাশাপাশি একই বছরে আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মতো কৃতিত্বও রয়েছে চেন্নাইয়ের।
আইপিএলের প্রথম ১৯ আসরের মধ্যে ১৭টিতে চেন্নাইয়ের হয়ে খেলেছেন ধোনি। ফ্র্যাঞ্চাইজিটি ২০১৬ ও ২০১৭ সালে নিষিদ্ধ থাকায় ওই দুই মৌসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টের হয়ে মাঠে নামেন তিনি।
সব মিলিয়ে আইপিএল ক্যারিয়ারে ৩৮.৩০ গড় এবং ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে ৫ হাজার ৪৩৯ রান করেছেন এই উইকেটকিপার-ব্যাটার। দীর্ঘদিনের খেলোয়াড়ি অধ্যায় শেষ হলেও নতুন ভূমিকায় চেন্নাইয়ের সঙ্গে তার পথচলা অব্যাহত থাকছে।



