ইউপি নির্বাচন শুরু হলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে: সিইসি

বাংলা টিভি ডেস্ক: ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন শুরু হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তার মতে, সাধারণ মানুষ ভোটের প্রতি আগ্রহী হয়ে উঠলে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি অনেকটাই কমে আসবে।
বুধবার (১৮ নভেম্বর) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম: বর্তমান ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, মানুষ যখন নির্বাচনমুখী হবে এবং ভোটের পরিবেশ তৈরি হবে, তখন দেশের সার্বিক পরিস্থিতিতেও ইতিবাচক পরিবর্তন আসবে। ভোটকেন্দ্রিক জনসম্পৃক্ততা বাড়লে বিশৃঙ্খলা কমে আসবে বলেও তিনি মনে করেন।
এদিকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা কার্যক্রম আরও সহজ ও হয়রানিমুক্ত করতে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, এনআইডি সেবার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা নাগরিক হয়রানি বরদাশত করা হবে না। এ বিষয়ে কমিশন জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে চায়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে সিইসি জানান, নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গত দুই বছরে ১৭ লাখের বেশি এনআইডি-সংক্রান্ত আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে এসব আবেদন প্রক্রিয়াকরণে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে, যার প্রভাব পড়ছে নাগরিক সেবা প্রদানের ক্ষেত্রে।
দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।



