রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

বাংলা টিভি ডেস্ক: রাজশাহীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয় লক্ষ্য করে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা দুই যুবক মোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে পরপর তিনটি পেট্রল বোমা নিক্ষেপ করেন। এ সময় ঘটনাস্থলে থাকা আরও কয়েকজনকে ভিডিও ধারণ করতে এবং ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দেখা যায়। পেট্রল বোমার আঘাতে ভবনের বারান্দায় আগুন ধরে যায়। পরে হামলাকারীরা মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি, তবে পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, একই ভবনে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস, জোনাল অডিট অফিস এবং বিভাগীয় হেড অফিস অবস্থিত।



