মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণকে বিলিয়ে দেবেন রজনীকান্ত, জানালেন কারণ

বিনোদন ডেস্ক: দক্ষিণী চলচ্চিত্রের জগতে পাঁচ দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সুপারস্টার রজনীকান্ত। ভক্তদের কাছে তিনি শুধু একজন অভিনেতা নন, বরং ‘থালাইভা’ নামেই পরিচিত। একসময় বাস কন্ডাক্টর হিসেবে কর্মজীবন শুরু করা এই অভিনেতা নিজের প্রতিভা ও পরিশ্রমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তবে জীবনের শেষ অধ্যায়ে এসে নিজের সম্পদ নিয়ে ব্যতিক্রমী সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৭৫ বছর বয়সি এই তারকা।
জানা গেছে, মৃত্যুর পর নিজের অর্জিত সম্পত্তি পরিবারের সদস্যদের পরিবর্তে তামিলনাড়ুর সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করার পরিকল্পনা করেছেন রজনীকান্ত। এ লক্ষ্যে তার সম্পত্তি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের অধীনে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
এই পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ চেন্নাইয়ের কোদম্বাক্কম এলাকায় অবস্থিত তার পরিচিত ‘রাঘবেন্দ্র মণ্ডপ’। প্রায় ১.২৫ একর জায়গার ওপর ১৯৮৯ সালে নির্মিত এই স্থাপনাটি রজনীকান্ত ও তার ভক্তদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। দীর্ঘদিন ধরে এটি ভক্তদের সঙ্গে তার বিভিন্ন স্মরণীয় সাক্ষাৎ ও অনুষ্ঠানের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
২০১৫ সালে চেন্নাইয়ে ভয়াবহ বন্যার সময়ও মানবিক কাজে ব্যবহৃত হয়েছিল এই মণ্ডপ। সে সময় বন্যাকবলিত মানুষ এবং উদ্ধার ও ত্রাণকাজে নিয়োজিত ব্যক্তিদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল সেখানে। একসময় ভবনটি ভেঙে সেখানে তিন তারকা হোটেল নির্মাণের পরিকল্পনা নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত সেটি বহাল রয়েছে।
রজনীকান্তের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে তামিলনাড়ুর মানুষের প্রতি তার দীর্ঘদিনের কৃতজ্ঞতা। তার মতে, ভক্তদের ভালোবাসা ও সমর্থনই তাকে এতদূর এগিয়ে আসতে সাহায্য করেছে। বছরের পর বছর দর্শকরা সিনেমার টিকিট কিনে তার পাশে থেকেছেন। তাই জীবনের উপার্জন থেকে সাধারণ মানুষের জন্য কিছু রেখে যাওয়াকে তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপায় হিসেবে দেখছেন।
নিজের সিদ্ধান্তের বিষয়ে রজনীকান্তের বক্তব্য, মৃত্যুর পর রাঘবেন্দ্র মণ্ডপসহ তার সম্পত্তি একটি জনকল্যাণমূলক ট্রাস্টের অধীনে হস্তান্তর করা হবে। সেখান থেকে তার পরিবারের সদস্যরা কোনো অংশ পাবেন না বলে তিনি জানিয়েছেন।
তামিলনাড়ুর দর্শকদের অবদানের কথা উল্লেখ করে এই অভিনেতা বলেন, টিকিটের মূল্য যতই হোক, রাজ্যের মানুষ সবসময় তার সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে গেছেন এবং তার ক্যারিয়ারকে এগিয়ে নিতে সহযোগিতা করেছেন। তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতেই সম্পত্তি জনকল্যাণে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।



