মসজিদেই লস্কর কমান্ডারকে হত্যা করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন লস্কর-ই-তাইয়েবার কমান্ডার লতিফ ভাট। বুধবার (১৮ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, একটি মসজিদের ভেতরে অবস্থান নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালানোর পর বন্দুকযুদ্ধ শুরু হয়। পরে ওই সংঘর্ষে নিহত হন লতিফ।
পুলিশের দাবি, গত ১১ নভেম্বর আখরান এলাকায় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি চেকপোস্টে হামলার ঘটনায় জড়িত ছিলেন লতিফ। ওই হামলায় তিনজন নিরাপত্তাকর্মী আহত হন। এ ঘটনায় তার সহযোগী উমর নিসার দারও সোমবার কুলগামে পৃথক এক বন্দুকযুদ্ধে নিহত হন।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, লতিফ একটি মসজিদের ভেতরে আশ্রয় নিয়েছিলেন। তাকে আত্মসমর্পণে রাজি করাতে পুলিশ ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে। এ সময় তাকে জীবনের গুরুত্ব বোঝানোর পাশাপাশি স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়। কিন্তু তিনি আত্মসমর্পণে সম্মত হননি।
কুলগামের জ্যেষ্ঠ পুলিশ সুপার আনায়াত আলী জানান, লতিফকে আত্মসমর্পণের জন্য একাধিকবার অনুরোধ করা হয়েছিল। তিনি নিজেও দীর্ঘ সময় ভিডিও কলে তার সঙ্গে কথা বলেন। লতিফকে তার বয়স ও ভবিষ্যতের কথা স্মরণ করিয়ে দেওয়া হলেও কোনো অনুরোধে সাড়া মেলেনি।
এমনকি মসজিদের বাইরে মাইক ব্যবহার করেও তাকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। তবে রাত ২টা ৪৫ মিনিটের দিকে লতিফ নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালান। এরপর উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। মসজিদের ভেতরে অবস্থানের বিষয়টি বিবেচনায় নিয়ে নিরাপত্তা বাহিনী সতর্কতা ও সংযম বজায় রেখেছিল বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
পুলিশের তদন্ত অনুযায়ী, গত ১০ নভেম্বর লতিফ ভাট ও তার সহযোগী উমর নিসার দার আখরান, মীরবাজার, হাবলিশ ও কিলাম এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন। নিরাপত্তা বাহিনীর অবস্থান পর্যবেক্ষণ এবং সম্ভাব্য হামলার লক্ষ্য নির্ধারণের উদ্দেশ্যে তারা এসব এলাকায় নজরদারি চালিয়েছিলেন বলে দাবি পুলিশের।
এর পরদিন আখরানে সিআরপিএফের চেকপোস্টে হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা। পরবর্তী সময়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়।
পুলিশ আরও জানায়, গত পাঁচ থেকে ছয় মাস ধরে উমর নিসার দার লতিফকে আশ্রয় ও বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে আসছিলেন। দার নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল।
এ ছাড়া গত ২২ জুলাই অনন্তনাগে পুলিশের ওপর হামলার ঘটনায় লতিফের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হন। একইভাবে গত ১ আগস্ট কুলগামে দুই অভিবাসী শ্রমিক হত্যার পেছনেও তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা পুলিশের।
লতিফ নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানান সিআরপিএফপ্রধান জিপি সিং। অভিযানে অংশ নেওয়া সদস্যদের অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, কিছু প্রতিশোধ ঠান্ডা মাথায় নেওয়াই ভালো।
অন্যদিকে জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, কেউ সাময়িকভাবে পালিয়ে থাকতে পারলেও শেষ পর্যন্ত লুকিয়ে থাকা সম্ভব নয়।
উল্লেখ্য, এর আগে লতিফ ও তার সহযোগীকে গ্রেপ্তারের লক্ষ্যে কুলগামে ব্যাপক তল্লাশি ও ঘেরাও অভিযান পরিচালনা করা হয়েছিল। ওই অভিযানের অংশ হিসেবে পাঁচ শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানিয়েছে পুলিশ।



