আন্তর্জাতিক

স্ত্রীর ‘পরকীয়া কাজে লাগিয়ে’ ১ লাখ কোটি টাকার সাম্রাজ্য গড়লেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক: এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা চলার মধ্যেই সামনে এসেছে অ্যালিসের স্বামী কাং ওয়েইয়ের বিশাল ব্যবসায়িক কর্মকাণ্ডের তথ্য। চীনে সরকারি সহায়তায় একাধিক বৃহৎ ডেটা সেন্টার প্রকল্প গড়ে তুলেছেন এই ব্যবসায়ী। অন্যদিকে, তার স্ত্রী অ্যালিস হুয়াং এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ সংগ্রহের ক্ষেত্রেও সক্রিয় ছিলেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।

২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত কাং ওয়েইয়ের সংশ্লিষ্ট বিভিন্ন ডেটা সেন্টার প্রকল্পে প্রায় ৯০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা। এসব প্রকল্পে চীনা সরকারের আর্থিক ও অবকাঠামোগত সহযোগিতা ছিল।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের অনুসন্ধান এবং চীনের সরকারি নথি ও বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কাং ওয়েইয়ের ডেটা সেন্টার ব্যবসার অন্যতম ভিত্তি সাংহাইভিত্তিক প্রতিষ্ঠান সেঞ্চুরি লংটেং। ২০২১ সালের শেষ দিকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। প্রতিষ্ঠানটিতে সাংহাইয়ের একটি সরকারি সংস্থার ১০ শতাংশ এবং কাংয়ের ব্যবসায়িক উদ্যোগ হেক্সি ক্যাপিটাল-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানের ২৭ শতাংশ মালিকানা ছিল। বাকি ৬৩ শতাংশ শেয়ার ছিল সেঞ্চুরি হুয়াটংয়ের হাতে।

২০২২ সালের শুরুতে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে চুক্তি করে সেঞ্চুরি লংটেং। চুক্তির আওতায় ক্লাউড ডেটা সেন্টার, জ্বালানি অবকাঠামো এবং কম্পিউটিং সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়। এরপর চীনের বিভিন্ন অঞ্চলে একাধিক বৃহৎ ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ সামনে আসে।

এর মধ্যে উহু শহরের প্রকল্পটি ছিল অন্যতম বড়। প্রায় ৪৫০ কোটি ডলারের এই প্রকল্পের বাংলাদেশি মুদ্রায় মূল্য প্রায় ৫৬ হাজার ১৩৮ কোটি টাকা। প্রায় ৪১ লাখ বর্গফুট জায়গাজুড়ে আটটি ভবন নির্মাণ এবং ২৪ হাজার সার্ভার র্যাক স্থাপনের পরিকল্পনা ছিল এতে। প্রকল্পটির জন্য চীনা সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ ও অবকাঠামোগত সহায়তা দেওয়া হয়। চলতি বছরের এপ্রিল পর্যন্ত অন্তত একটি ভবনের নির্মাণকাজ শেষ হয়েছিল।

এ ছাড়া ২০২৪ সালে সিচুয়ান প্রদেশের লিয়াংশানে প্রায় ৫০০ কোটি ডলারের আরেকটি ডেটা সেন্টার প্রকল্প নেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৬২ হাজার ৩৭৫ কোটি টাকা। শেনজেনেও সেঞ্চুরি লংটেং-সংশ্লিষ্ট আরেকটি প্রকল্পের তথ্য পাওয়া গেছে।

এনভিডিয়ার চিপ সংগ্রহে অ্যালিসের ভূমিকা

কাং ওয়েই যখন চীনে ডেটা সেন্টার ব্যবসা সম্প্রসারণে ব্যস্ত, তখন এনভিডিয়ার উন্নত কম্পিউটিং চিপ সংগ্রহের কাজে সক্রিয় ছিলেন তার স্ত্রী অ্যালিস হুয়াং। তিনি মেগাস্পিড নামের একটি প্রতিষ্ঠানের নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

২০২৩ সালে এনভিডিয়ার উন্নত চিপের সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগী হন অ্যালিস। ওই বছরের নভেম্বরের মধ্যে মেগাস্পিড এনভিডিয়াকে জানায়, চীনের বড় অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান আলিবাবা তাদের প্রধান গ্রাহক হতে যাচ্ছে। এরপর এনভিডিয়ার ক্লাউড পার্টনার হিসেবে স্বীকৃতি পায় মেগাস্পিড। এর ফলে চিপ সংগ্রহের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি অগ্রাধিকার সুবিধা পায়।

তবে একই মাসে মালিকানা পুনর্গঠনের কারণে মেগাস্পিডে নিবন্ধিত পরিচালকের দায়িত্ব থেকে সরে দাঁড়ান অ্যালিস। তা সত্ত্বেও জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ অব্যাহত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের শেষ দিকে সিঙ্গাপুরের একটি রেস্তোরাঁয় এবং পরের বছর তাইপেতে অনুষ্ঠিত কম্পিউটেক্স প্রযুক্তি সম্মেলনে তাদের একসঙ্গে দেখা যায়।

অনুসন্ধানে আরও উঠে এসেছে, মেগাস্পিডের সংগ্রহ করা এনভিডিয়ার কিছু চিপ পরবর্তী সময়ে চীনে পাঠানো হয়েছিল। তবে এসব চিপ কাং ওয়েইয়ের ডেটা সেন্টার প্রকল্পে ব্যবহার করা হয়েছিল কি না, তার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। একইভাবে, চীনা সরকার মেগাস্পিডকে চিপ সংগ্রহের নির্দেশ দিয়েছিল—এমন কোনো তথ্যও পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের শেষ ভাগ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত কাং ও অ্যালিস যৌথভাবে সাংহাই এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি ডেটা সেন্টার প্রকল্পের জন্য বিনিয়োগকারীদের কাছে প্রস্তাব দেন। এসব বিনিয়োগে তিন বছরে অর্থের পরিমাণ তিন গুণ হওয়ার সম্ভাবনার কথাও তুলে ধরেছিলেন তারা। পাশাপাশি চীনে এনভিডিয়ার চিপ সংগ্রহের সুযোগ রয়েছে বলেও বিনিয়োগকারীদের আশ্বস্ত করেন।

তদন্তের মুখে মেগাস্পিড, আটক কাং ওয়েই

২০২৫ সালের ফেব্রুয়ারিতে সার্ভার কেনাকাটায় মিথ্যা ঘোষণা দেওয়ার সন্দেহে সিঙ্গাপুরে মেগাস্পিড এবং প্রতিষ্ঠানটির কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। তদন্তকারীরা অপরাধের পর্যাপ্ত প্রমাণ না পেলেও অ্যালিস হুয়াংকে সতর্ক করা হয় এবং তার সিঙ্গাপুরে পুনরায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মেগাস্পিড ও আরও ছয় ব্যক্তির বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

অন্যদিকে, শেয়ারবাজারে কারসাজির সন্দেহে চলতি বছরের শুরুর দিকে সাংহাইয়ে আটক হন কাং ওয়েই। পরে অবশ্য তিনি মুক্তি পান।

সব মিলিয়ে কাং ওয়েইয়ের ডেটা সেন্টার ব্যবসা, অ্যালিস হুয়াংয়ের চিপ সংগ্রহের তৎপরতা এবং এনভিডিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতার প্রেক্ষাপটে এসব ব্যবসায়িক কর্মকাণ্ড আন্তর্জাতিক মহলের নজরে এসেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button