বিনোদন

মিথিলা আউট, স্বপনের সঙ্গী প্রভা

বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন পরিচালিত আলোচিত ওটিটি সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজন নিয়ে আসছে নতুন চমক। আগের দুই সিজনে শায়লা চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়া রাফিয়াত রশিদ মিথিলাকে এবার দেখা যাবে না। তাঁর পরিবর্তে সিরিজটিতে যুক্ত হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

২০২২ সালে শিহাব শাহীন নির্মিত ওটিটি সিরিজ ‘সিন্ডিকেট’-এর মাধ্যমে প্রথম দর্শকের সামনে আসে অ্যালেন স্বপন চরিত্রটি। অল্প সময়েই চরিত্রটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তী সময়ে এই চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। এর প্রথম ও দ্বিতীয় সিজনও দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে।

নাম ভূমিকায় অভিনয় করে বিশেষ পরিচিতি পান অভিনেতা নাসির উদ্দিন খান। এবার তৃতীয় সিজনেও অ্যালেন স্বপন হিসেবে পর্দায় ফিরছেন তিনি।

সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানা গেছে, ইতোমধ্যে নতুন সিজনের শুটিং শুরু হয়েছে। তবে এবার শায়লা চরিত্রে থাকছেন না মিথিলা। তাঁর জায়গায় অভিনয় করবেন সাদিয়া জাহান প্রভা। চলতি মাসের শেষ দিকে প্রভার শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি পুরো সিরিজের শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।

মিথিলার পরিবর্তে প্রভাকে নেওয়ার কারণ হিসেবে জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মিথিলা। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণাবিজ্ঞানী হিসেবে কাজ করার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা করছেন তিনি। কর্মব্যস্ততার কারণে দেশে ফিরে সিরিজটির শুটিংয়ে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো সংবাদ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা তাঁর পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের নিজস্ব জনসংযোগ বিভাগ থেকে তথ্য জানানো হবে।

নতুন সিজনে নাসির উদ্দিন খান ও সাদিয়া জাহান প্রভা ছাড়াও অভিনয় করবেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ, ফারজানা ছবিসহ আরও অনেকে।

সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজন। মিথিলার পরিবর্তে প্রভার উপস্থিতি নতুন সিজনে গল্পের গতিপথে কী পরিবর্তন আনে, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button