বাংলাদেশ

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ বন্ধ ও অপরাধীদের শাস্তির আহ্বান ড. ইউনূসের

বাংলা টিভি ডেস্ক: গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ধারাবাহিক অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এসব হামলা অবিলম্বে বন্ধের পাশাপাশি জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। একই সঙ্গে দরিদ্র নারীদের মালিকানাধীন প্রতিষ্ঠানটি রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন অধ্যাপক ইউনূস।

বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশে পরিকল্পিত অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। চট্টগ্রামে তাঁর নিজের বাড়িতেও হামলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ওই বাড়ি থেকেই তাঁর কর্মজীবনের সূচনা হয়েছিল এবং পরবর্তী সময়ে সেখান থেকেই গ্রামীণ ব্যাংকের কার্যক্রমের ভিত্তি তৈরি হয়। বর্তমানে তাঁর দুই ভাই পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন।

গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলাকে আরও উদ্বেগজনক উল্লেখ করে ড. ইউনূস বলেন, প্রতিষ্ঠানটি মূলত দরিদ্র মানুষের, বিশেষ করে নারীদের মালিকানাধীন। বিশ্বজুড়ে স্বীকৃত এই ব্যাংকটি ২০ বছর আগে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে। চলতি বছর প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্তি এবং নোবেল পুরস্কার প্রাপ্তির দুই দশক পূর্তি উদযাপিত হচ্ছে।

তিনি জানান, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম বিশ্বের বিভিন্ন দেশে অনুসরণ করা হয়েছে। এই পদ্ধতি দরিদ্র নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, নিজেদের ব্যবসা পরিচালনা এবং সন্তানদের শিক্ষার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গ্রামীণ ব্যাংকের প্রায় ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার মধ্যে ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হারও ৯৫ শতাংশের বেশি। ঋণগ্রহীতারাই প্রতিষ্ঠানটির মূল মালিক। ফলে ব্যাংকের ওপর হামলা মানে এসব নারীর নিরাপত্তা, অর্থনৈতিক স্বাধীনতা ও তাঁদের সন্তানদের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলা।

ড. ইউনূসের অভিযোগ, নভেম্বরের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে হামলা চালানো হচ্ছে। এসব ঘটনায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর দাবি, শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই ধরনের হামলা হয়েছে। হামলার ধারাবাহিকতা দেখে এগুলো পরিকল্পিতভাবে পরিচালিত হচ্ছে বলে মনে করেন তিনি।

তিনি আরও জানান, কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন। এসব ঘটনায় গ্রামীণ এলাকার অসংখ্য নারী ঋণগ্রহীতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাঁদের জীবিকা, পরিবারের ব্যয় নির্বাহ এবং সন্তানদের শিক্ষার সঙ্গে ব্যাংকটির কার্যক্রম সরাসরি জড়িত।

বিবৃতিতে ড. ইউনূস দাবি করেন, সহিংসতার ঘটনা শুধু গ্রামীণ ব্যাংকেই সীমাবদ্ধ নেই। একই ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি এবং বিএনপির তিনজন সংসদ সদস্যের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ছাড়া তিনটি থানায় হামলার ঘটনাও উল্লেখ করেন তিনি।

গ্রামীণ ব্যাংকের মালিকানা নিয়ে ছড়ানো বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ব্যাংকটির মালিক তিনি নন এবং প্রতিষ্ঠানটির পরিচালনার সঙ্গেও বর্তমানে তাঁর কোনো সম্পর্ক নেই। ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার।

তিনি জানান, ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেয়। এরপর থেকে ব্যাংকটির পরিচালনা বা ব্যবস্থাপনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

এদিকে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বাড়তি নিরাপত্তা চাওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি হামলার ঘটনাগুলোতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, ইতোমধ্যে যেসব স্থানে হামলা হয়েছে, সেখানে কর্তৃপক্ষের পদক্ষেপের জন্য তিনি ধন্যবাদ জানান। তবে প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে গ্রামীণ ব্যাংকের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, এসব হামলার পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায় থেকেও সোচ্চার হওয়া প্রয়োজন।

বিবৃতির শেষাংশে ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ওপর আঘাত শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, বরং দারিদ্র্য দূরীকরণ এবং মানুষের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার বৈশ্বিক প্রচেষ্টার জন্যও বড় আঘাত। দরিদ্র নারীদের এই ব্যাংক রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button