ছেলের জন্মদিনে ছুটি নিয়েছিলেন পুলিশ সদস্য আনোয়ার, ফিরলেন নিথর দেহে

বাংলা টিভি ডেস্ক: দুই দিন পর ছোট ছেলের জন্মদিন। বিশেষ দিনটি পরিবারের সঙ্গে উদযাপন করতে ১০ দিনের ছুটিও নিয়েছিলেন পুলিশ সদস্য আনোয়ার মোল্লা। স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যরা। কিন্তু সেই অপেক্ষার অবসান হলো এক হৃদয়বিদারক খবরে। জীবিত অবস্থায় নয়, ছুরিকাঘাতে নিহত আনোয়ার বাড়ি ফিরলেন নিথর দেহে। তাঁর মৃত্যুর খবরে নবাবগঞ্জের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় আনোয়ারের মরদেহবাহী গাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নের দত্তখন্ড গ্রামের উদ্দেশে পৌঁছায় বলে জানিয়েছে পরিবার। তবে রাত পর্যন্ত মরদেহ বাড়িতে পৌঁছায়নি। স্বজনেরা শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখার অপেক্ষায় রয়েছেন।
এর আগে রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরের হাসেমবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন আনোয়ার মোল্লা। তিনি নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাবার নাম যত্তন মোল্লা এবং মায়ের নাম হাবিয়া বেগম।
সোমবার দুপুরে আনোয়ারের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। প্রিয়জনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন তাঁর স্ত্রী, মা ও পরিবারের অন্য সদস্যরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছিলেন আনোয়ার। স্ত্রী আনিছা আক্তারের সঙ্গে তাঁর দাম্পত্য জীবনের আট বছর। তাঁদের সংসারে রয়েছে ছয় বছর বয়সী একটি মেয়ে এবং দুই বছর বয়সী একটি ছেলে।
স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন আনিছা আক্তার। তিনি জানান, দুই দিন পর তাঁদের ছোট ছেলের জন্মদিন থাকায় ১০ দিনের ছুটি নিয়ে বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন আনোয়ার।
আনিছা বলেন, রাত ১০টার দিকে স্বামীকে ফোন করেছিলেন তিনি। কিন্তু মোবাইল ফোন বন্ধ পান। ভেবেছিলেন, সারাদিন দায়িত্ব পালনের পর হয়তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন। তাই আর ফোন করেননি। পরে রাত ১টার দিকে খবর পান, তাঁর স্বামী ছুরিকাঘাতে মারা গেছেন।
অন্যদিকে ছেলেকে হারিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন মা হাবিয়া বেগম। আহাজারি করতে করতে তিনি বলেন, ‘আল্লাহ, তুমি আমারে এ কী করলা! আমি এখন কী নিয়ে বাঁচবো? আমার ছেলেকে ছাড়া আমি কীভাবে থাকবো?’
যেভাবে প্রাণ হারালেন পুলিশ সদস্য আনোয়ার
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল সাত্তার ও পুলিশ সদস্য আনোয়ার হোসেন তথ্য সংগ্রহের কাজে কাশিপুরের ওই এলাকায় যান।
এ সময় একদল দুর্বৃত্ত তাঁদের ওপর হামলা চালায়। হামলার মুখে এএসআই আব্দুল সাত্তার দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও আনোয়ার হামলাকারীদের কবলে পড়েন। দুর্বৃত্তরা তাঁর বুকে একাধিকবার ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরিবারের সঙ্গে ছেলের জন্মদিন উদযাপনের যে পরিকল্পনা করেছিলেন আনোয়ার, তা আর পূরণ হলো না। দুই শিশুসন্তান ও স্ত্রীকে রেখে তাঁর এমন আকস্মিক চলে যাওয়া শোকে স্তব্ধ করে দিয়েছে পুরো পরিবারকে।



