বাংলাদেশ

খেলতে গিয়ে সাপের ছোবলে ২১ মাসের শিশুর মৃত্যু, পাশেই ছিল সাপ

বাংলা টিভি ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে বাড়ির ভেতরে খেলার সময় বিষধর সাপের দংশনে মো. আবদুল্লাহ নামে ২১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে স্বজনদের মধ্যে।

নিহত আবদুল্লাহ বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকার প্রবাসী ওসমান আলীর ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রোববার রাত সাড়ে ৮টার দিকে পরিবারের সবাই যখন রাতের খাবার খেতে ব্যস্ত ছিলেন, তখন ঘরের দরজার পাশে বসে খেলছিল শিশুটি। হঠাৎ তার কান্নার শব্দ শুনে মা ও দাদি এগিয়ে যান। এ সময় শিশুটির পাশে একটি সাপ দেখতে পান তাঁরা। পরে সাপটি দ্রুত সেখান থেকে সরে যায়।

শিশুটির চাচা রুকন উদ্দিন জানান, আবদুল্লাহর জামা খুলে পরীক্ষা করার পর ডান হাতের বগলের কাছে সাপের ছোবলের দুটি দাগ ও রক্ত দেখতে পান পরিবারের সদস্যরা।

তিনি আরও জানান, রাত সাড়ে ৯টার দিকে শিশুটিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে অ্যান্টিভেনম প্রয়োগ করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সোমবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আবদুল্লাহকে দাফন করা হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহরম আলী জানান, আবদুল্লাহ তার মা-বাবার একমাত্র সন্তান ছিল। শিশুটি কান্না শুরু করার পর পরিবারের সদস্যরা সাপের পাশাপাশি একটি ব্যাঙও দেখতে পেয়েছিলেন। এ কারণে প্রথমে ব্যাঙের কামড় বলে ধারণা করেছিলেন তাঁরা। পরে শরীরে ছোবলের চিহ্ন দেখে সাপে দংশনের বিষয়টি নিশ্চিত হন।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মামুনুল হক বলেন, হাসপাতালে আনার সময় শিশুটির শারীরিক অবস্থা ভালো ছিল না। এ কারণে অ্যান্টিভেনম দেওয়ার পর দ্রুত উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাতে তার মৃত্যুর খবর পাওয়া যায়।

এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button