বাংলাদেশ

ডেটিং সাইটে নারী কণ্ঠে কথা বলতেন পুরুষেরা, গ্রেপ্তার ৭

বাংলা টিভি ডেস্ক: ‘মেগা পার্সনাল’ নামের একটি ডেটিং অ্যাপে নারীর ভুয়া পরিচয় ব্যবহার করে পুরুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জেলা ছাত্রদলের এক নেতাও রয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরের সেনবাড়ি এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তিনটি ল্যাপটপ ও সাতটি মোবাইল ফোন জব্দ করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাঈম মণ্ডল (২৪), টাঙ্গাইলের ঘাটাইলের মনির হোসেন (২৩), বরিশালের মুলাদির মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়িয়ার তানভীর আহম্মেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইলের জিল্লুর রহমান (২৭), মজনু (২৬) ও মো. রাকিব (২০)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ৩টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

পুলিশ সুপার জানান, অনলাইনে প্রতারণার অভিযোগ পাওয়ার পর ডিবির একটি দল বিভিন্ন ডেটিং সাইটের কার্যক্রম নজরদারিতে রাখে। একপর্যায়ে ‘মেগা পার্সোনাল ডটকম’ নামের একটি ওয়েবসাইটের সন্ধান পাওয়া যায়। সেখানে নারীদের ছবি ব্যবহার করে দেশি-বিদেশি মোবাইল নম্বরের মাধ্যমে পুরুষদের সঙ্গে যোগাযোগ করত চক্রের সদস্যরা। পরে ডেটিংয়ের সুযোগ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আদায় করত তারা।

তবে টাকা দেওয়ার পর ভুক্তভোগীরা চ্যাট করার সুযোগ পেলেও অপর প্রান্তে কোনো নারী থাকতেন না। চক্রের পুরুষ সদস্যরাই নারীর পরিচয় ধারণ করে কথোপকথন চালাতেন। এভাবে ভুয়া পরিচয়ে বিশ্বাস অর্জন করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া হতো।

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা ল্যাপটপ ও মোবাইল ফোন প্রাথমিকভাবে পরীক্ষা করে বিপুলসংখ্যক নারীর ছবি, অশ্লীল ছবি এবং বিভিন্ন ব্যক্তির মোবাইল নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে গত তিন মাস ধরে চক্রটির এ কার্যক্রম পরিচালনার তথ্য মিলেছে। এ সময়ে শতাধিক ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন বলে ধারণা করছে পুলিশ। তবে ভুক্তভোগীর সংখ্যা ও আর্থিক ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। চক্রটির সঙ্গে কোনো নারী জড়িত রয়েছেন কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। জব্দ করা ডিভাইসগুলো আদালতের অনুমতি নিয়ে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানান পুলিশ সুপার।

এদিকে ডিবির উপপরিদর্শক (এসআই) যুবরাজ দাস বাদী হয়ে মঙ্গলবার বিকেলে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। পরে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ সাত আসামিকে আদালতে পাঠানো হয়। তবে ওই দিন তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি।

ডিবি হেফাজতে থাকা অবস্থায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন চক্রের কয়েকজন সদস্য। এ সময় ছাত্রদল নেতা নাঈম মণ্ডল দাবি করেন, গত তিন থেকে চার মাসে তিনি প্রায় তিন লাখ টাকা আয় করেছেন। যুক্তরাষ্ট্রের নম্বর ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে নারীর পরিচয়ে মেসেজে কথা বলতেন তারা। টাকা পাওয়ার পর ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া হতো বলেও জানান তিনি।

নাঈমের সাংগঠনিক পরিচয় প্রসঙ্গে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, নাঈম মণ্ডলের পুরো নাম রবিউল ইসলাম। ছাত্রদলের সাবেক এক নেতার মাধ্যমে তিনি সংগঠনে পদ পেয়েছিলেন। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, প্রতারণার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং পুরো চক্রের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button