বাংলাদেশ

জাতীয় গ্রিডে ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ, রূপপুরের আয় ৭ কোটি টাকা

বাংলা টিভি ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় টানা ৩০ ঘণ্টা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এ সময়ে প্রায় ৩২০ মেগাওয়াট ক্ষমতায় মোট ৭ কোটি ৬ লাখ টাকার বিদ্যুৎ সরবরাহ করেছে কেন্দ্রটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়।

জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্র জানায়, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে রূপপুরের প্রথম ইউনিট থেকে দ্বিতীয় দফায় পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময় অতিক্রম করে প্রায় ৩০ ঘণ্টা তা অব্যাহত থাকে।

প্রকল্পসংশ্লিষ্টরা বলছেন, দেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একই সঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালন সক্ষমতা ও প্রযুক্তিগত প্রস্তুতির ক্ষেত্রেও এ অর্জন তাৎপর্যপূর্ণ।

দ্বিতীয় দফায় সফলভাবে বিদ্যুৎ সরবরাহের পর ইউনিটটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ সরবরাহের সময়কার বিভিন্ন পরিচালনগত তথ্য, টারবাইন-জেনারেটর সিস্টেম এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা ও সক্ষমতা বিশ্লেষণ করা হচ্ছে। এসব বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এটি প্রতিষ্ঠানের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন।

তিনি আশা প্রকাশ করেন, এ সফল পরীক্ষার অভিজ্ঞতা পরবর্তী পরিচালন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button