বিনোদনঢালিউড

শাকিবের সঙ্গে সম্পর্ক কি মিথ্যা, মুখ খুললেন মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে নতুন করে কোনো বিতর্কে জড়াতে চান না চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। শাকিবের সঙ্গে তার সম্পর্ক এখনো ভালো ও বন্ধুত্বপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন তিনি। অতীতে তাদের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও মন্তব্যে মন খারাপ হয়েছিল বলেও স্বীকার করেন এই অভিনেত্রী। তবে একই বিষয় নিয়ে বারবার প্রশ্ন করাকে একপর্যায়ে বোকামি বলে মনে করছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এর তৃতীয় আসরে উপস্থিত ছিলেন মিষ্টি জান্নাত। অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শাকিব খানকে ঘিরে চলমান আলোচনা ও নিজের অবস্থান তুলে ধরেন তিনি। এদিকে, অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এই অভিনেত্রী। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।

শাকিব খানের সঙ্গে সম্পর্কের বিষয়ে মিষ্টি জান্নাত বলেন, শাকিব তাকে তার নাম জড়িয়ে উদ্ভট কোনো মন্তব্য না করার অনুরোধ জানিয়েছেন। অভিনেতার সঙ্গে কোনো ধরনের বিরোধে জড়াতে চান না তিনি। কারণ তাদের মধ্যে ভালো সম্পর্ক ও বন্ধুত্ব রয়েছে। অতীতে কিছুটা অভিমান থেকেই শাকিবকে নিয়ে বিভিন্ন কথা বলেছিলেন বলেও জানান এই অভিনেত্রী।

শাকিব খানের ব্যক্তিত্বের প্রশংসা করে মিষ্টি জান্নাত বলেন, মানুষকে কীভাবে সম্মান করতে হয়, তা শাকিবের কাছ থেকে শিখেছেন তিনি। অন্যের সমালোচনা প্রকাশ্যে না করা এবং সবার সঙ্গে সৌজন্য বজায় রাখার বিষয়টিও তার কাছ থেকে শেখা। দীর্ঘদিন ধরে নিজের জনপ্রিয়তা ও তারকাখ্যাতি ধরে রাখাকে বেশ কঠিন কাজ বলেও উল্লেখ করেন তিনি।

শাকিব খানকে নিয়ে আলোচনার মাধ্যমে পরিচিতি পাওয়ার কোনো আগ্রহ নেই জানিয়ে মিষ্টি জান্নাত বলেন, তাকে ব্যবহার করে আলোচনায় আসার প্রয়োজন নেই। দর্শক শাকিব খানের সঙ্গে তাকে পর্দায় কিংবা একসঙ্গে দেখতে পছন্দ করেন বলেই বিষয়টি নিয়ে আগ্রহ দেখান। তাই এ নিয়ে নেতিবাচক কিছু ভাবার কারণ দেখেন না তিনি।

শাকিব খানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন অভিনেত্রী। তার ভাষ্য, সম্পর্কের মধ্যে কিছু না থাকলে শাকিব তাকে বাসায় আমন্ত্রণ জানাতেন না, তার মা নিজের হাতে খাবার রান্না করতেন না কিংবা একসঙ্গে ফ্লাইটে যাতায়াত ও হাত ধরে ছবি তোলার মতো ঘটনাও ঘটত না। এসব বিষয়কে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় নিজের ক্যারিয়ারের কঠিন সময়ের কথাও স্মরণ করেন মিষ্টি জান্নাত। একপর্যায়ে চলচ্চিত্র ছেড়ে দেওয়ার কথা ভাবলেও শাকিব খানের ক্যারিয়ারের একটি প্রতিকূল সময়ের ঘটনা তাকে নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছিল। কঠিন পরিস্থিতিতেও শাকিব যেভাবে আবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় দেখিয়েছিলেন, তা থেকেই শিক্ষা নিয়েছেন বলে জানান তিনি। তার মতে, মাঝপথে থেমে গেলেও নতুন করে পথচলা শুরু করা সম্ভব।

অন্যদিকে বিয়ে ও সন্তান নিয়ে নানা প্রশ্নের জবাবেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন মিষ্টি জান্নাত। এসব বিষয় নিয়ে গুঞ্জন বা আলোচনা তাকে বিশেষভাবে ভাবায় না বলে জানিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের মুখে আবেগপ্রবণ হয়ে পড়ার মানুষ নন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী। নিজের বর্তমান শারীরিক গঠন দেখে তাকে বিবাহিত মনে হয় কি না, সে বিষয়টি সাংবাদিকদের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button