বিনোদন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটক ‘দার-ই-নাজাতে’ মজেছেন ভারতীয়রা

বিনোদন ডেস্ক: ভারতে পাকিস্তানি নাটক, সিনেমা ও গান প্রচারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও দেশটির দর্শকদের কাছে পাকিস্তানি বিনোদনজগতের জনপ্রিয়তা এখনো অটুট। বিভিন্ন অনলাইন মাধ্যম, ভিপিএন ও প্রক্সি সার্ভার ব্যবহার করে নিয়মিত পাকিস্তানি নাটক দেখছেন ভারতীয় দর্শকরা। এমনকি নিষেধাজ্ঞা এড়িয়ে বিভিন্ন শহরে গোপনে দলবদ্ধভাবে নাটক দেখার আয়োজনও করা হচ্ছে। সম্প্রতি পাকিস্তানি নাটক ‘দার-ই-নাজাত’ ঘিরে ভারতীয় দর্শকদের ব্যাপক আগ্রহ নতুন করে আলোচনায় এসেছে।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তানি রোমান্টিক ধারাবাহিক ‘দার-ই-নাজাত’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করেন সাংস্কৃতিক আয়োজক ও কিউরেটর আবু সুফিয়ান খান। সেখানে সর্বোচ্চ ৪৫ জন দর্শকের উপস্থিতির ব্যবস্থা রাখা হলেও অংশগ্রহণের আগ্রহ দেখান ৭০০ জনেরও বেশি মানুষ।

ভারতে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানি নাটক ও গান প্রচার বন্ধ থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটি নিয়ে দর্শকদের আলোচনা থেমে নেই। প্রতি সপ্তাহেই ইনস্টাগ্রামে নাটকের বিভিন্ন দৃশ্য শেয়ার করছেন ভক্তরা। পাশাপাশি গল্পের বিভিন্ন দিক এবং প্রধান পুরুষ চরিত্র আবু বকরকে নিয়েও চলছে আলোচনা।

অনলাইনের বাইরেও ভারতের বিভিন্ন স্থানে গোপনে নাটকটির প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে এসব আয়োজন বন্ধে প্রশাসনের তৎপরতাও দেখা যাচ্ছে। সম্প্রতি বেঙ্গালুরুতে দুটি প্রদর্শনীর পরিকল্পনা করা হলেও প্রচারপত্র নজরে আসার পর কর্তৃপক্ষ সেগুলো বাতিল করে দেয়।

নাটকটির ভক্তদের মধ্যে একটি উর্দু বাক্যও বেশ জনপ্রিয় হয়েছে—‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’। এর বাংলা অর্থ, ধৈর্যের ফল নয়, তাঁদের চাই আবু বকর। নাটকের কাল্পনিক চরিত্রটির প্রতি দর্শকদের বিশেষ আকর্ষণ বোঝাতেই এমন স্লোগান ব্যবহার করছেন তাঁরা।

বেঙ্গালুরুর দর্শক রক্ষন্দা মুজিব বলেন, তাঁরা সবাই একজন আবু বকরের অপেক্ষায় রয়েছেন। চরিত্রটির সহানুভূতিশীল আচরণ তাঁকে মুগ্ধ করেছে। তাঁর মতে, বর্তমান সময়ে অধিকাংশ পুরুষের মধ্যে এ ধরনের গুণ দেখা যায় না।

কী কারণে পাকিস্তানি নাটক নিষিদ্ধ ভারতে

ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ, একাধিক যুদ্ধ এবং সীমান্ত উত্তেজনা থাকলেও বহু বছর দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান অব্যাহত ছিল। তবে গত এক দশকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সময়ে পাকিস্তানের সঙ্গে সাংস্কৃতিক যোগাযোগ ক্রমেই সীমিত হতে থাকে। পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রেও বিধিনিষেধ জোরালো হয়।

২০২৫ সালের এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ এ অভিযোগ প্রত্যাখ্যান করে। পরবর্তী সময়ে দুই দেশের মধ্যে চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি হয়।

এরপর জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাকিস্তানি গান, সিনেমা ও নাটকের প্রচার বন্ধের উদ্যোগ নেয় ভারত। সম্প্রতি নেটফ্লিক্সকেও ভারতে প্রদর্শিত একটি পাকিস্তানি অনুষ্ঠান সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে নিষেধাজ্ঞা থাকলেও পাকিস্তানি বিনোদনসামগ্রী দেখার প্রবণতা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। এ ক্ষেত্রে প্রযুক্তিগত সীমাবদ্ধতাকে অন্যতম কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। চীন নিজস্ব ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর ব্যাপক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলেও ইউটিউবের মতো আন্তর্জাতিক মাধ্যমকে একইভাবে নিয়ন্ত্রণ করা ভারতের জন্য কঠিন।

ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় সরকার নির্দিষ্ট অনলাইন কনটেন্ট বন্ধের নির্দেশ দিতে পারে। এর ভিত্তিতে ইউটিউব ভারতে পাকিস্তানি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করেছে। কিন্তু ভিপিএন ব্যবহার করে অবস্থান পরিবর্তন দেখিয়ে এসব অনুষ্ঠান দেখা সম্ভব। পাশাপাশি ডাউনলোড করা ভিডিও অন্য অ্যাকাউন্টের মাধ্যমে পুনরায় ছড়িয়ে দেওয়ার সুযোগও রয়েছে।

প্রযুক্তি পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টপটেনভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে অনলাইন প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার দিন ভারতে ভিপিএন অনুসন্ধানের হার ৭২ শতাংশ বেড়ে যায়।

ভারতীয় দর্শকদের কাছে কেন এত জনপ্রিয় পাকিস্তানি নাটক

নিষেধাজ্ঞা সত্ত্বেও পাকিস্তানি নাটকের প্রতি ভারতীয়দের আগ্রহ দেশটির বিনোদনশিল্পের জন্যও বড় বাজার তৈরি করেছে। ‘দার-ই-নাজাত’-এর নির্মাতা প্রতিষ্ঠান এআরওয়াই ডিজিটালের প্রধান জেরজিস সেজারের দাবি, পাকিস্তানি টেলিভিশন চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতীয়।

তিনি বলেন, বর্তমান সময়ে কোনো কনটেন্ট দেখার পথ কঠিন করে দেওয়া সম্ভব হলেও সেটি পুরোপুরি বন্ধ করা যায় না।

এর আগেও পাকিস্তানের বেশ কয়েকটি ধারাবাহিক ভারতীয় দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ২০২২ সালে প্রচারিত ‘তেরে বিন’ এবং ২০২৪ সালের ‘কাভি ম্যায় কাভি তুম’ ছিল এর উল্লেখযোগ্য উদাহরণ।

পাকিস্তানি পরিচালক মেহরিন জব্বারও জানিয়েছেন, তাঁর নির্মিত ‘ডক্টর বাহু’, ‘জ্যাকসন হাইটস’ ও ‘দাম’-এর মতো ধারাবাহিক নিয়ে ভারতের দর্শকরা নিয়মিত যোগাযোগ করেন।

বিশ্লেষকদের মতে, ভারত ও পাকিস্তানের ভাষা, সামাজিক রীতিনীতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে উল্লেখযোগ্য মিল রয়েছে। ফলে পাকিস্তানি নাটকের গল্প ও চরিত্র ভারতীয় দর্শকদের কাছে সহজেই পরিচিত এবং গ্রহণযোগ্য হয়ে ওঠে। এর পাশাপাশি পাকিস্তানের টেলিভিশন নাটকের নির্মাণশৈলী ও গল্প বলার মানও আগের তুলনায় উন্নত হয়েছে।

জেরজিস সেজারের মতে, পাকিস্তানি নাটকের গল্প এখন অনেক বেশি বাস্তবমুখী, চিন্তাশীল এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পৃক্ত।

এ ছাড়া নাটকে মুসলিম চরিত্রের উপস্থাপনাও ভারতীয় দর্শকদের আকর্ষণের অন্যতম কারণ বলে মনে করছেন সাংস্কৃতিক আয়োজক আবু সুফিয়ান খান। তাঁর ভাষ্য, ভারতের অনেক সিনেমা ও নাটকে মুসলিম চরিত্রকে প্রচলিত ছকে তুলে ধরা হয়। কিন্তু ‘দার-ই-নাজাত’-এ ইসলামকে নেতিবাচকভাবে উপস্থাপন না করে মানবিক, সহজ ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গিতে দেখানো হয়েছে।

সাংস্কৃতিক যোগাযোগে তৈরি হচ্ছে নতুন সংযোগ

ভারতের নীতি বিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মার মতে, সাম্প্রতিক সময়ে ভারতীয়দের মধ্যে পাকিস্তানি টেলিভিশন অনুষ্ঠান, গান এবং সামাজিক যোগাযোগমাধ্যমের তারকাদের অনুসরণ করার প্রবণতা বেড়েছে। এর ফলে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের ভুল ধারণা ও নেতিবাচক মনোভাব কিছুটা কমার সুযোগ তৈরি হচ্ছে।

তিনি বলেন, আগে সীমান্তের ওপারে বসবাসকারী মানুষের জীবনযাপন সম্পর্কে দুই দেশের নাগরিকদের ধারণা খুবই সীমিত ছিল। কিন্তু প্রযুক্তির প্রসারের ফলে এখন একে অপরের সংস্কৃতি, জীবনধারা ও বিনোদন সম্পর্কে জানার সুযোগ বেড়েছে।

পাকিস্তানি অভিনেত্রী ও সংগীতশিল্পী হানিয়া আমিরও ভারতীয় দর্শকদের মধ্যে বেশ পরিচিত মুখ। তাঁর ‘পাবলো’ শিরোনামের একটি সাম্প্রতিক গানে ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত অংশ নিয়েছেন।

পাকিস্তানে ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়ার মতে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা সাধারণত দীর্ঘমেয়াদে কার্যকর হয় না। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ভৌগোলিক সীমান্ত ও সরকারি বিধিনিষেধের প্রভাবও অনেক ক্ষেত্রে কমে যাচ্ছে।

তিনি উদাহরণ হিসেবে বলেন, পাকিস্তানেও দীর্ঘ সময় ভারতীয় সিনেমা নিষিদ্ধ ছিল। কিন্তু চোরাই ক্যাসেটের মাধ্যমে বলিউডের সিনেমা দেশটিতে জনপ্রিয়তা ধরে রেখেছিল।

বিসারিয়ার মতে, ভারত ও পাকিস্তানের মানুষের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান সব সময়ই গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করেছে। দুই দেশের সরকার এই যোগাযোগ সীমিত করতে চাইলেও সাধারণ মানুষের মধ্যে সংস্কৃতি ও বিনোদনের প্রতি পারস্পরিক আগ্রহ টিকে রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button