
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভরত জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনায় পাঁচশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ঘটনায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার গভীর রাতে ঢাকার বিমানবন্দর থেকে সংগঠনটির সভাপতি বিএনপি নেতা ইশতিয়াক আজিজ উলফাতকে আটক করে পুলিশ।
এর আগেই শাহবাগ থানায় করা এ মামলায় উলফাতকে এর মধ্যে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সমাবেশে যাওয়ার সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এসময় ঘণ্টাখানেক প্রেসক্লাব সংলগ্ন হাইকোর্ট মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে তারা। বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং রাস্তায় আগুন জ্বালিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।



