সৌদি আরবে যৌথ কারিগরী কমিটির বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও সৌদি আরবের যৌথ কারিগরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিদেশে কাজ করতে আগ্রহী নারী গৃহকর্মীদের প্রশিক্ষিত ও যাছাই-বাছাই করে পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।
রিয়াদে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশি নারী গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি, নিয়োগকর্তার বাসা থেকে কোনো গৃহকর্মী পালিয়ে পুলিশের কাছে আশ্রয় নিলে, তাকে পুনরায় ওই নিয়োগকর্তার কাছে ফেরত না দিয়ে, বিষয়টি সৌদির শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়কে জানানোর সিদ্ধান্ত নেয়া হয়।
শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি ১৫ দিনের মধ্যে ওই গৃহকর্মীকে বাংলাদেশে ফেরত পাঠাতে ব্যবস্থা নেবে। এতে, বাংলাদেশি নারী গৃহকর্মীদের সুরক্ষা নিশ্চিতের ব্যাপারে, বাংলাদেশের পক্ষ থেকে কিছু প্রস্তাবনা দেয়া হয়েছে।
বৈঠকে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণ সচিব সেলিম রেজা। আর ১৩ সদস্যের সৌদি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সৌদি শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের এসিসট্যান্ট ডেপুটি মিনিস্টার জাবের আল মাহমুদ।
এতে, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহসহ উভয় দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।



