
বাড়তি নিরাপত্তা নিয়ে অনুশীলন করেছেন সাকিব। বুধবার সকালে সাকিব মিরপুরে আসেন অনুশীলন করতে। সেসময় তার সঙ্গে একজন গানম্যানকে দেখা যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকেই এই নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, ‘অবশ্যই বিষয়টি (প্রাণনাশের হুমকি) উদ্বেগজনক। এমন বিষয় কখনোই কাঙ্ক্ষিত হতে পারে না। আমরা সেটা জানার পর তাৎক্ষনিক ব্যবস্থা নিয়েছি। সরকারের সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে আমরা বলেছি। আপনারা দেখেছেন, তারাও যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা গ্রহণ করেছেন।’
গত কয়েকদিন ধরে একের পর এক ঘটনা ঘটে চলেছে সাকিব আল হাসানকে ঘিরে। বিশ্বসেরা অলরাউন্ডার এর আগেও নানারকম বিতর্কে জড়িয়েছেন। তবে এবার এক বছর নিষেধাজ্ঞা শেষে দেশে ফেরার পর তাকে ঘিরে শুরু হয়েছে তিনটি বিতর্ক।
দেশে ফেরার পরদিন করোনাবিধি না মেনে একটি সুপারশপ উদ্বোধন করা থেকে শুরু বিতর্কের। ওই অনুষ্ঠানে স্বাস্থ্যবিধির বিষয়গুলো মানা হয়নি এবং অনুষ্ঠানে অনেক মানুষের ভিড়ও দেখা গেছে। এরপর বেনাপোল সীমান্ত দিয়ে কলকাতা যাওয়ার পথে সাকিবের হাত লেগে এক ভক্তের মোবাইল পড়ে যাওয়া নিয়ে বিতর্কের পালে আরও হাওয়া লাগে।
কলকাতায় একটি কালীপূজার উদ্বোধনে থাকা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। এমনকি ফেসবুকে এক যুবক তাকে কুপিয়ে হত্যা করার হুমকি পর্যন্ত দেন। পরে র্যাব সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে।



