কাবুলে শহরজুড়ে সিরিজ বোমা হামলা

শনিবার সকাল থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলের শহরজুড়ে কমপক্ষে ১০টি ম্যাগনেটিক বোমার বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এই হামলার দায়ভার এখনো স্বীকার করেনি কোন গোষ্ঠী।
এদিকে, ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, কাবুলের বেশ কয়েকটি জায়গায় রকেট হামলাও হয়েছে। বিশেষ করে কূটনৈতিক এলাকা গ্রিন জোনের কাছে একটি রকেটের বিস্ফোরণ ঘটে। হামলায় এখন পর্যন্ত এক পুলিশ কর্মকর্তা এবং তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে।
গেল ছয় মাসে আফগানিস্তানের সশস্ত্র তালেবান গোষ্ঠী ৫৩টি আত্মঘাতী হামলা এবং ১২’শ ৫০টি বিস্ফোরণ ঘটিয়েছে। এতে নিহত হয়েছেন ১২‘শ ১০ বেসামরিক নাগরিক, আহত হন আড়ই হাজারের বেশি। আফগানিস্তানে শান্তি ফিরিয়ে আনার আলোচনার মধ্যেই দেশজুড়ে বিভিন্ন স্থানে হামলার ঘটনা বেড়েছে।
এমন পরিস্থিতির মধ্যেই দেশটি থেকে আড়াই হাজার মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তার এই ঘোষণার বিরোধিতা করেছেন ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ।



