
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৮ সদস্যের দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন নতুন তিন ক্রিকেটার। শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করে বিসিবি।
তাদের মধ্যে একজন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের পেসার শরিফুল ইসলাম। অন্য দুজন আরেক তরুণ পেসার হাসান মাহমুদ ও স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান। মেহেদী হাসান ও হাসান মাহমুদের জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলা হলেও শরিফুল প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাতীয় দলে।

কয়েকদিন আগে অনুশীলনে বাঁ হাতে আঘাত পাওয়া তাসকিন আহমেদও আছেন ওয়ানডে দলে। শনিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বোলিং করলেও ঝুঁকি এড়াতে ফিল্ডিং করেননি এই পেসার।
ওয়ানডের সিরিজের জন্য ২৪ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল বিসিবি। সেই দল ছোট করে ১৮ জনে নামিয়ে এনেছেন নির্বাচকরা। ইনজুরির কারণে বাদ পড়েছেন যুব বিশ্বকাপজয়ী পারভেজ হোসেন ইমন। এছাড়া প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী ও নাঈম শেখ।



