ইন্দোনেশিয়ার ভূমিকম্পে নিহত বেড়ে ৬৭

ইন্দোনেশিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৭ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আট শতাধিক মানুষ। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও অনেকে। শুক্রবার দেশটির সুলাওসি দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
দেশটির মাজেনা শহর থেকে মাত্র ৬ কিলোমিটার উত্তর-পূর্বে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।
ইন্দোনেশিয়ার ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান জান জিলফান্ড সিএনএনকে বলেছেন, নিহত এবং নিখোঁজ লোকের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া মাজেনাতে অন্তত ৬৩৭ জন আহত হয়েছে এবং ১৫ হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেইসঙ্গে এই অঞ্চলে ৩০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছে, এখনো অনেক লোক ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে। এছাড়া তিনি জানান, ভূমিকম্পে মামুজির চারটি হাসপাতাল ক্ষতিগ্রস্থ হয়েছে।



