এইচএসসির ফরম পূরণের আংশিক টাকা ফেরত পাবেন শিক্ষার্থীরা

যেহেতু পরীক্ষা হয়নি তাই কিছু টাকা ফেরত পাবেন এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। ফরম পূরণের সময় জমা দেয়া অর্থের কিছু অংশ ফেরত দেয়া হবে তাদের। শনিবার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ অনুষ্ঠানে একথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।
তিনি বলেন, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ আদায় করা অর্থের অব্যয়িত অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা শিক্ষাকে আনন্দময় করতে চাই। আমাদের শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, দক্ষতা অর্জন করবে, তারা সঠিক মনোভাব নিয়ে গড়ে উঠবে এটাই প্রত্যাশা। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে ভিড় না করার আহ্বান জানান। মোবাইলে রেজিস্ট্রেশন বা নেটের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ফল পেয়ে যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হয়ে কোনো রকম স্বাস্থ্যঝুঁকি নেবেন না।
করোনাকালে দীর্ঘ বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। পরীক্ষার হলে বসা হয়নি দেশের ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ জন এইচএসসি ও সমমান পরীক্ষার্থীর। পরীক্ষা ছাড়াই এইচএসসির ফলাফল দেওয়া এবং ডিজিটালি ফল প্রকাশের ঘটনা বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম।



