নিচু রাজনৈতিক মানসিকতার পরিচয় দিয়েছে বিএনপি: হানিফ

‘দেশের প্রধানমন্ত্রীকে আগে ভ্যাকসিন নেয়ার কথা বলে অত্যন্ত নীচু রাজনৈতিক মানুষিকতার পরিচয় দিয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’ বললেন, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
রোববার সকালে কুষ্টিয়া সরকারি কলেজে আয়োজিত ‘বৈশ্বিক মহামারি কোভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায়, টিকাদান সম্পর্কিত জনসচেতনতা সৃষ্টি ও কলেজের উন্নয়ন কার্যক্রম’ বিষয়ক মতবিনিময় সভায় যোগদানের আগে, সাংবাদিকদের প্রশ্নে তিনি এ মন্তব্য করেন।
হানিফ আরও বলেন, সরকারের দায়িত্ব ভ্যাকসিন জনগণের কাছে পৌঁছে দেয়া। জনগণ তাদের সুযোগ সুবিধামত সেটি গ্রহন করবেন। ভ্যাক্সিনটা যাতে দেশে আনা যায় সেজন্য উদ্যোগ নেয়া হয়েছিলো, তখন থেকেই আমরা দেখেছি প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে নিয়ে আমাদের দেশের তথাকথিত বিরোধী দল যারা জনবিচ্ছিন্ন সেই বিএনপি এবং তার সহযোগীরা নানা সময়ে নানা ধরনের অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিমূলক এবং অরুচিকর কথাবার্তা বলা শুরু করে।
তারা প্রথমে বলেছিলো ভ্যাকসিন আসবেনা ভ্যাকসিন নিয়ে সরকার তালবাহানা করছে, এভাবে নানা কথা বলেছে, ভ্যাকসিন এসে গেছে দেশে, ভ্যাকসিন আসার পরে তা কে আগে নিবে কে পরে নিবে এসব নিয়ে কথা হচ্ছে।
এমনকি এই ভ্যাক্সিনের বিষয়ে মির্জা ফখরুল সাহেব যে সমস্ত কথা বলেছেন এটা অত্যন্ত অরুচিকর এবং নিন্মমনের পরিচয় দিয়েছেন।



