রাজনীতিআওয়ামী লীগ
আল-জাজিরার প্রতিবেদন উদ্দেশ্যমূলক: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ নিয়ে সম্প্রচার করা আল জাজিরার প্রতিবেদনকে উদ্দেশ্যমূলক হলুদ সাংবাদিকতা বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এ ধরণের সংবাদ প্রকাশ করা হয়েছে উল্লেখ করে, এমন ভিত্তিহীন সংবাদকে দেশবিরোধী ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর গুলশানে আজ নৌ-পুলিশের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সাম্প্রতিক সময়ে দেশে ভেজাল মদপানে প্রাণহানির বিষয়ে তিনি বলেন, করোনার কারণে মদ আমদানি বন্ধ থাকায় ভেজাল মদের উৎপাদন বেড়েছে। যারা এই ভেজাল মদ বাজারে ছাড়ছে তাদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া মিয়ানমার ইস্যুতে তিনি বলেন, মিয়ানমারে কি ঘটছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। তবে মিয়ানমার সীমান্ত দিয়ে কেউ যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।



