নেতৃত্ব নির্বাচনে অনুগতদেরকেই প্রধান্য দেয়া হবে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আওয়ামীলীগের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে অর্থ বা পেশীশক্তি নয়, ত্যাগী এবং দল ও দলীয় প্রধানের প্রতি অনুগতদেরকেই প্রধান্য দেয়া হবে।
বুধবার দুপুরে পাবনার ফরিদপুর উপজেলার মুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিন খাঁন পৌর মুক্তমঞ্চে উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন। এসময় নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী নেতাদেরকেই প্রাধান্য দেয়া হবে বলেও জানান তিনি।
ফরিদপুর উপজেলার ওয়াজি উদ্দিন পৌর মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে তিনি আরো বলেন, ‘ক্ষমতায় থাকলে নেতাকর্মীদের মধ্যে যদি আলস্য এসে যায়, সেটা হতে দেয়া যাবে না। পিঠ বাঁচাতে এবং সহজে টাকা আয় করতে অনেকেই আসবে, তাদের দরকার নাই। পরীক্ষিত নেতাকর্মীরা দলের নেতৃত্বে আসবে। তাহলে শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে।’
নেতাকর্মীদের ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি সৃষ্ঠিশীল সংগঠনের নাম’ স্মরণ করিয়ে তথ্যমন্ত্রী হাছান বলেন, ‘এই সংগঠনের নেতৃত্বে স্বাধীনতা এসেছে। বঙ্গবন্ধু প্রাণ বাজী রেখে সংগ্রাম করে স্বাধীনতা এনেছেন। বঙ্গবন্ধু শুধু স্বাধীনতাই চাননি, চেয়েছিলেন উন্নত দেশ গড়তে কিন্তু পঁচাত্তরের ১৫ আগষ্ট তাকে হত্যা করায় সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করতে পারেন নাই । আজ বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দিবানিশি কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
শেখ হাসিনার যাদুকরি নেতৃত্বের কারণে করোনা মহামারি মোকাবিলায় সরকারের পদক্ষেপগুলো বিশ্বব্যাপী প্রশংসিত উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, করোনার টিকা এখনও অনেক বাষ্ট্র পায় নাই। বাংলাদেশ টিকা সংগ্রহে অনেক দেশের চাইতে এগিয়ে। আর বাস্তবতা হলো, সমালোচনা করলেও বিএনপির নেতারা নিজেরাই টিকা নিচ্ছেন।’



