কুটনীতিকদের বিবৃতি শিষ্টাচার বহির্ভুত: তথ্যমন্ত্রী

লেখক মুশতাকের মৃত্যু নিয়ে কুটনীতিকদের বিবৃতি শিষ্টাচার বহির্ভুত বলে অভিযোগ করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার বিকেলে সময়ের আলো পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্যমন্ত্রী। এসময় তিনি লেখক মুশতাকের মৃত্যু নিয়ে বিদেশি কুটনীতিকদের দেয়া বিবৃতির সমালোচনা করেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এখন স্বনির্ভর রাষ্ট্র, আমরা নিজের টাকায় পদ্মাসেতু করেছি, কারো ওপর নির্ভরশীল নই, সুতরাং তড়িঘড়ি করে এধরণের বক্তব্য দেয়া পরিহার করার আহবান জানাই, বলেন তথ্যমন্ত্রী।
জাতিসংঘের কোনো বিবৃতি আছে কি না এমন প্রশ্নের জবাবে ড. হাছান বলেন, বিবৃতিটি জাতিসংঘ থেকে দেয়া নয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অনেকজন কমিশনারের একজন একটি বিবৃতি দিয়েছেন। তিনি একসময় চিলির প্রেসিডেন্ট ছিলেন, সেসময়ও অনেক মানবাধিকার লংঘনের ঘটনা ঘটেছে।
মন্ত্রী কমিশনের প্রতি প্রশ্ন রেখে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে যখন চরমভাবে মানবাধিকার লংঘিত হয়, বছরের পর বছর বাচ্চাদেরকে বাবা-মা থেকে আলাদা করে রাখা হয়, ফ্রান্সে যখন গুলি করে নির্বিচারে মানুষ হত্যা হয়, গুয়ান্তামো বে’তে নির্যাতন হয়, তখন কি তারা বিবৃতি দিয়েছিলেন! সুতরাং এটা আমাদের আভ্যন্তরীণ বিষয় এবং এতে কারো নাক গলানোর প্রয়োজন আছে বলে মনে করিনা। এতে কূটনৈতিক শিষ্টাচার লংঘিত হয়।’
‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও করোনার টিকা নিয়েছেন’ সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল সাহেব নিজেও টিকার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছেন, এই টিকা কাজ করবেনা বলে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন কিন্তু তিনিই এখন টিকা নিয়েছেন।
জলঘোলা করে পানি খাওয়ার মতো অহেতুক সরকারের সমালোচনা করে এমন বিব্রতকর পরিস্থিতিতে তাদের যাতে না পড়তে হয় সেজন্য তাদের সমালোচনার সময় সতর্কতা অবলম্বনের আহবান জানাই।’



