দেশবাংলা

প্রবাসীকে খুনের মামলায় ৯ আসামির ফাঁসি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দেড়যুগ আগে নেছার আহমেদ নামের এক প্রবাসীকে খুনের মামলায় নয় আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার এ রায় দেন। রায়ে দন্ডিত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

দন্ডিতরা হলেন, শাহীন, বাবুল, ল্যাডা নাছির, নুরুল ইসলাম, মোহাম্মদ জোবায়ের, দিদার, আবু বক্কর বাঁশি, ইসমাইল ও মোহাম্মদ জঙ্গু। এদের মধ্যে শাহীন ছাড়া বাকি সবাই পলাতক।

২০০৩ সালের পহেলা নভেম্বর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কালামের বিল এলাকায় দুবাই প্রবাসী নেছার আহমেদকে পাঁচ হাজার টাকা পাওনা উদ্ধারের কথা বলে ঘর থেকে ডেকে নেন লেডা নাছির। পরদিন সকালে কালামের বিল এলাকার পাহাড়ের পাদদেশে হাত-পা বাঁধা নেছারের লাশ দেখতে পায় স্থানীয়রা।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নেছারের স্ত্রী মোর্শেদা স্বামীর লাশ সনাক্ত করেন। এই ঘটনায় আটজনকে আসামী করে মোরশেদা আক্তার বাদী হয়ে ফটিকছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ তদন্ত শেষে ২০০৪ সালের ১৪ মে মোট ১০ জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। বিচার চলাকালে কপাল কাটা নাছির নামে একজন মারা যান। পরবর্তীতে তাকে বিচার কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার বিকেলে নয় আসামির প্রত্যককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডের আদেশ প্রদান করেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আক্তার।

এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহতের স্ত্রী ও স্বজনরা। ভিসা সংক্রান্ত জটিলতায় জেল খেটে ২০০৩ সালে দেশে ফেরত আসেন নিহত নেছার আহমেদ।

সোহের মাহমুদ, বাংলা টিভি, চট্টগ্রাম

সংশ্লিষ্ট খবর

Back to top button