কলকাতায় আগুনে পুড়ে মৃত্যু বেড়ে ৯

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় রেলভবনে আগুনে পুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। ক্ষতিপূরণ হিসেবে নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি ও একটি করে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পশ্চিমবঙ্গের কলকাতার স্ট্র্যান্ড রোডে রেলের নিউ কয়লাঘাট বিল্ডিংয়ে সোমবারের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৯ জনের মধ্যে রেলের ডেপুটি চিফ কমার্শিয়াল ম্যানেজার পার্থ সারথি মণ্ডল, ফায়ার সার্ভিসের চার কর্মী, এক পুলিশ কর্মকর্তা এবং আরপিএফ-এর এক জন রয়েছেন। বাকি দু’জনকে এখনও শনাক্ত করা যায়নি।
রেলের ১৪ তলা ওই ভবনটির ১৩ তলায় প্রথম আগুন লাগে বলে। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের ১২তলায়। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।



