দেশবাংলা

জগন্নাথপুর থানায় ৪৮ আসামির আত্মসমর্পণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামে পুলিশকে মারধর করে ডাকাতির মামলার ওয়ারেন্টভূক্ত আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ এসল্ট মামলার ৪৮জন আসামি থানায় এসে আত্মসমর্পণ করেছে। ২৩ মার্চ মঙ্গলবার সকালে আসামিরা থানায় এসে আত্মসমর্পণ করলে পুলিশ তাদের গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠায়।

জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গত ১৪ মার্চ থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে তিন পুলিশ সদস্য উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামের মৃত ইছকন্দর আলীর ছেলে ডাকাতি ও গণ ধর্ষণ মামলার ওয়ারেন্টভূক্ত আসামি আব্দু হাশিম (৪৫)কে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় আসামির লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরিহিত অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলার এঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। এঘটনায় হামলার শিকার থানার এস আই শহিদুল ইসলাম বাদী হয়ে ৫৩ জনের বিরুদ্ধে থানায় পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। তাৎক্ষণিক চার জনকে গ্রেপ্তার করা হয়।

১৯ মার্চ ছিনিয়ে নেওয়া আসামি আব্দুল হাশিম কে গ্রেপ্তার করা হয়। গতকাল ৪৮ আসামি থানায় এসে আত্মসমর্পণ করে। এঘটনার পরদিন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনাস্হলে গিয়ে এলাকাবাসীকে নিয়ে স্হানীয় শান্তির বাজারে অপরাধ দমনে এক সভা করেন।

তাদের আহ্বানে সাড়া দিয়ে এলাকাবাসী আসামিদের ধরিয়ে দিতে আশ্বাস দেন। যার প্রেক্ষিতে আসামিরা এলাকার সহায়তায় সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুইব খানঁ ও সাবেক মেম্বার জমির উদ্দিনের নেতৃত্বে থানায় এসে আত্মসমর্পণ করে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আসামিরা থানায় এসে আত্মসমর্পণ করেছে।আমরা তাদের জেল হাজতে পাঠানোর ব্যবস্হা করেছি। তিনি সুনামগঞ্জের পুলিশ সুপারের বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে আসামিরা আত্মসমর্পণ করেন।

গোবিন্দ দেব, জগন্নাথপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button