
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধ আগামী ১০ আগস্ট মধ্যরাত পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ৫ আগস্ট বৃহস্পতিবার মন্ত্রি পরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলমান বিধিনিষেধ (লকডাউন) করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ৫ আগস্ট রাত ১২টা থেকে ১০ আগস্ট রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হলো।
তবে শিল্পকারখানা এ বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে এবং স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক ৬ আগস্ট থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে।
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২৩ জুলাই থেকে বিধিনিষেধ চলছে। সরকার প্রথমে এটিকে ‘কঠোরতম লকডাউন’ হিসেবে ঘোষণা দিলেও ব্যবসায়ীদের দাবির মুখে ১ আগস্ট থেকে পোশাক কারখানাসহ রপ্তানিমুখী শিল্পকারখানাগুলো খুলে দেয়।
গত ৩ আগস্ট সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠকে দেশে চলমান বিধিনিষেধ আরও পাঁচ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। ১১ আগস্ট থেকে রোটেশন পদ্ধতিতে গণপরিবহণ, লঞ্চ ও ট্রেন চলাচল করবে বলেও জানানো হয় ওই বৈঠকে। সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে ও টিকা গ্রহণ সাপেক্ষে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও সিদ্ধান্ত হয়।
বাংলাটিভি/নিহান



