সকলের সম্মিলিত প্রচেষ্টায় আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে: আতিক

শোককে শক্তিতে রূপান্তরিত করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।
১৯ই আগস্ট,বৃহস্পতিবার সকালে গুলশানের নগর ভবনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন।
ডিএনসিসি মেয়র ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাতে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সদস্যসহ যারা শহীদ হয়েছেন তাঁদের সকলকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যায় যারা জড়িত ছিল জীবিত কিংবা মৃত তাদের সকলের কঠোর বিচার দাবী করেন।বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বলেই স্বাধীনতার পূর্বে যেখানে একটি অর্থবছরে সমগ্র পূর্ব পাকিস্তানের বাজেট ছিল প্রায় ৭শত কোটি টাকা সেখানে বর্তমানে শুধুমাত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাজেটই সাড়ে ৪ হাজার কোটি টাকার বেশী।স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসির মেয়রের নেতৃত্বে জনকল্যাণে সময়োপযোগী ও কার্যকর নানামুখী পদক্ষেপ গ্রহণ করায় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
স্থানীয় কাউন্সিলরসহ সমাজের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে একটি সুস্থ ও সুন্দর নগরী গড়ে উঠবে।ডিএনসিসি মেয়র স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে সুস্থতার জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার এবং সবাই মিলে “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” স্লোগানটিকে বাস্তবায়নের আহবান জানান।
ক্ষমতা ভোগের জন্য নয়, জনগণকে সেবা করার জন্যই মেয়র নির্বাচিত হয়েছেন। তাই নগরপিতা হিসেবে নয়, নগরবাসীর সেবক হিসেবেই কাজ করতে চান।
ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি টিকা কেন্দ্রে গত ৭ই আগস্ট থেকে ১২ই আগস্ট পর্যন্ত একযোগে নগরীর প্রায় দেড় লক্ষ মানুষকে কোভিড-১৯ এর টিকা প্রদান করা হয়েছে।
ডিএনসিসি মেয়র বলেন, এবারের পবিত্র ঈদুল আজহায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে ৩ লক্ষ পশু কোরবানী হলেও সবার আন্তরিক সহযোগিতায় ১২ ঘন্টারও কম সময়ের মধ্যেই কোরবানীর বর্জ্য অপসারণ করা সম্ভব হয়েছে।
বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলের ঐকান্তিক প্রচেষ্টায় প্রিয় মাতৃভূমি দ্রুতই উন্নত ও সমৃদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে, এটাই তাঁর প্রত্যাশা।
তিনি দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগনের মাঝে বিতরণের জন্য ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতির নিকট ২ লক্ষ মাস্ক হস্তান্তর করেন।
এর আগে ডিএনসিসি মেয়র স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে সাথে নিয়ে নগর ভবনের লেভেল-৮ এ সুসজ্জিত মুজিব কর্ণারের শুভ উদ্বোধন করেন।
১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালরাতে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং সাধারণ সম্পাদক জনাব এস এম মান্নান কচি, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা এবং কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/এস



