বাংলাদেশস্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ১১৭ জনের প্রাণহানি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে  আরও ১১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ৮৪৬ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও তিন হাজার ৫২৫ জন আক্রান্ত হয়েছে।

এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ৮৬ হাজার ১৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ছয় হাজার ৪৮৫ জন। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ চার হাজার ৩৭০ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের ৭৮৯টি ল্যাবে ২৭ হাজার ২৯৪টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষা করা হয় ২৭ হাজার ৫৭৮টি। করোনা শনাক্তের হার ১২ দশমিক ৭৮ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৬ দশমিক ৮৬ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ১১৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৫৬ জন ও নারী ৬১ জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৬ হাজার ৮১৬ জন ও নারী নয় হাজার ৩০ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১০ বছরের নিচে একজন, ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে নয়জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩৮ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ১৬ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে তিনজন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে ১১ জন, বরিশাল বিভাগে ছয়জন, সিলেট বিভাগে ১০ জন, রংপুর বিভাগে পাঁচজন ও ময়মনসিংহ বিভাগে চারজন। এ ছাড়া সরকারি হাসপাতালে ৯২ জন, বেসরকারি হাসপাতালে ১৮ জন ও বাসায় সাতজন মারা গেছে।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

বাংলাটিভি/নিহান

সংশ্লিষ্ট খবর

Back to top button